জাতীয় অর্থোপেডিক হাসপাতালের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা
জাতীয় অর্থোপেডিক হাসপাতালের অবকাঠামো ও চিকিৎসাসেবার মানোন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। হাসপাতালের উন্নয়নকাজ বাস্তবায়নে আগামী ডিসেম্বরের মধ্যে দরপত্র আহ্বান করা হবে বলেও জানিয়েছেন তিনি।সোমবার (৯ নভেম্বর) সকালে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল পরিদর্শনকালে এ ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী।পরিদর্শনের সময় হাসপাতালের চিকিৎসাসেবা ও ব্যবস্থাপনা আধুনিকায়নে বেশ কয়েকটি নতুন কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এর মধ্যে রয়েছে নতুন নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), পোস্ট অপারেটিভ ওয়ার্ড, বহির্বিভাগের ই-টিকিটিং ব্যবস্থা, কিউআর কোড এবং সম্প্রসারিত অটোমেশন পদ্ধতি।নতুন এসব ব্যবস্থার মাধ্যমে হাসপাতালের চিকিৎসাসেবা ও প্রশাসনিক কার্যক্রম আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসকরা নতুন চিন্তাভাবনা ও উদ্ভাবনী উদ্যোগ নিয়ে কাজ করছেন। তাঁদের এসব কার্যক্রম এগিয়ে নিতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার কথা জানান তিনি।একই সঙ্গে চিকিৎসকদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেন মন্ত্রী। স্বাস্থ্যসেবায় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।রোগীদের সঙ্গে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আচরণের বিষয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। চিকিৎসা নিতে আসা মানুষের প্রতি আরও মানবিক, সহনশীল ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি।সরকার দেশের সামগ্রিক চিকিৎসাব্যবস্থাকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নিয়েছে উল্লেখ করে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, স্বাস্থ্য খাতের উন্নয়ন ও আধুনিকায়নে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়ার সদিচ্ছা সরকারের রয়েছে।জাতীয় অর্থোপেডিক হাসপাতালের জন্য ঘোষিত ৫০ কোটি টাকার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হলে হাসপাতালের অবকাঠামো, চিকিৎসাসেবার মান এবং রোগীদের সুযোগ-সুবিধা বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।