ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ ২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গাজায় ২০২৩ সাল থেকে ৫০ হাজার নারী হতাহত: জাতিসংঘ

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া রক্তক্ষয়ী সামরিক সংঘাতের ফলে অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রায় ৫০ হাজার নারী ও তরুণী নিহত অথবা মারাত্মকভাবে আহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ নারী সংস্থা (ইউএন উইমেন)। সংস্থাটির সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এই উপত্যকার প্রতি ২১ জন নারী ও তরুণীর মধ্যে একজন সরাসরি এই প্রাণঘাতী সংঘাতের শিকার হয়েছেন।সংস্থাটির মানবিক কার্যক্রম বিভাগের প্রধান সোফিয়া কালটরপ এক বিবৃতিতে জানান, এই দীর্ঘস্থায়ী সংঘাতে ইতোমধ্যে ৩৮ হাজারের বেশি নারী জীবন হারিয়েছেন। এ ছাড়া প্রায় ১২ হাজার নারী এমন গুরুতর ও স্থায়ী শারীরিক আঘাত পেয়েছেন যে তাঁদের অবশিষ্ট জীবন পঙ্গুত্ব বয়ে বেড়াতে হবে।প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুদ্ধবিরতি চুক্তি এক বছর আগে কার্যকর হলেও গাজায় পুরোপুরি সহিংসতা বন্ধ হয়নি। বিশেষ করে গত অক্টোবর থেকে এ পর্যন্ত বিচ্ছিন্ন হামলায় আরও অন্তত ২৭৭ জন নারী ও তরুণীর মৃত্যু হয়েছে।সোফিয়া কালটরপ আরও জানান, সংঘাতের কারণে গাজার প্রায় ১০ লাখ নারী ও তরুণী নিজেদের ঘরবাড়ি হারিয়ে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছেন। বাস্তুচ্যুত এসব নারীদের প্রায় সবাই বর্তমানে অস্বাস্থ্যকর তাঁবুতে কিংবা নিজেদের গুঁড়িয়ে দেওয়া বাসাবাড়ির ধ্বংসস্তূপের ওপর অত্যন্ত অমানবিক পরিবেশে দিনাতিপাত করছেন। পুরুষ সদস্যদের ব্যাপক প্রাণহানির ফলে গাজায় নারীপ্রধান পরিবারের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে; বর্তমানে উপত্যকার প্রতি চারটি পরিবারের একটির নেতৃত্ব দিচ্ছেন নারীরা।এদিকে তীব্র অর্থসংকটের কারণে গাজায় কর্মরত স্থানীয় ও আন্তর্জাতিক নারীবিষয়ক সহায়তা সংস্থাগুলোর কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে, ১৪টি সংস্থার মধ্যে ১৩টিই জানিয়েছে যে তারা চরম চাহিদার মুখে প্রয়োজনীয় মানবিক সেবা প্রদানে ব্যর্থ হচ্ছে।সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ২০২৫ সাল থেকে গাজা উপত্যকায় লিঙ্গভিত্তিক সহিংসতা, চরম দারিদ্র্য ও মানসিক স্বাস্থ্য সংকট আশঙ্কাজনক হারে বেড়েছে এবং ১৩টি সংস্থা সেখানে বাল্যবিয়ের প্রকোপ বেড়ে যাওয়ার তথ্য নথিবদ্ধ করেছে। এ পরিস্থিতিতে মানবিক বিপর্যয় রোধে অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর, আন্তর্জাতিক মানবিক আইনের কঠোর বাস্তবায়ন এবং বেসামরিক নাগরিকদের ওপর অপরাধ সংঘটনকারীদের জবাবদিহিতা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে জাতিসংঘ নারী সংস্থা।সূত্র: ইউএন উইমেন

গাজায় ২০২৩ সাল থেকে ৫০ হাজার নারী হতাহত: জাতিসংঘ