ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ ৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বুমরাহর বদলে প্রথমবার ভারতীয় টেস্ট দলে আকিব নবি

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে বড় ধাক্কা খেয়েছে ভারত। বাঁ হাঁটুর চোট থেকে পুরোপুরি সেরে উঠতে না পারায় সিরিজ থেকে ছিটকে গেছেন তারকা পেসার জসপ্রীত বুমরাহ। তার জায়গায় প্রথমবার ভারতের সিনিয়র টেস্ট দলে ডাক পেয়েছেন জম্মু ও কাশ্মীরের পেসার আকিব নবি। সোমবার, ৩ আগস্ট ভারতীয় ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে এই পরিবর্তনের কথা জানায়। বিসিসিআই বলেছে, ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে পাওয়া বাঁ হাঁটুর চোট থেকে বুমরাহ এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। বেঙ্গালুরুর সেন্টার অব এক্সেলেন্সে পুনর্বাসনের পরও চূড়ান্ত ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় তাকে বিশ্রামে রাখা হয়েছে।[BANGVIEWS-POST:3038] বুমরাহকে শুরুতে শ্রীলঙ্কা সফরের দলে রাখা হয়েছিল। তবে সামনে ব্যস্ত আন্তর্জাতিক সূচি থাকায় তাকে দ্রুত মাঠে ফেরানোর ঝুঁকি নেয়নি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তার বদলি হিসেবে সুযোগ পাওয়া ২৯ বছর বয়সী আকিব নবি ডানহাতি পেসার। সাম্প্রতিক দুই রঞ্জি ট্রফি মৌসুমে তিনি মোট ১০৪টি উইকেট নিয়েছেন। ২০২৫-২৬ মৌসুমে তার শিকার ছিল ৬০ উইকেট। জম্মু ও কাশ্মীরকে প্রথম রঞ্জি ট্রফি শিরোপা জেতাতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সম্প্রতি ভারত ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফরেও খেলেছেন আকিব। দুটি প্রথম শ্রেণির ম্যাচে ছয়টি উইকেট নিয়ে নির্বাচকদের নজর কাড়েন তিনি। এর আগে ভারত ‘এ’ দলে ডাক পেলেও এবারই প্রথম সিনিয়র জাতীয় দলের স্কোয়াডে জায়গা হলো তার। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলার সুযোগ পেলে আকিব হবেন জম্মু ও কাশ্মীর থেকে ভারতের হয়ে টেস্ট খেলা প্রথম ক্রিকেটার। অঞ্চলটি থেকে পারভেজ রসুল ভারতের হয়ে সীমিত ওভারের ক্রিকেট খেললেও টেস্টে অংশ নেননি।[BANGVIEWS-POST:3037] দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট ১৫ আগস্ট গলে শুরু হবে। দ্বিতীয় টেস্ট ২৩ আগস্ট কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে শুরু হওয়ার কথা। সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন শুভমান গিল। সহ-অধিনায়কের দায়িত্বে থাকবেন লোকেশ রাহুল। বুমরাহর অনুপস্থিতিতে পেস আক্রমণে মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, গুরনুর ব্রার ও আকিব নবির ওপর বাড়তি দায়িত্ব থাকবে।

বুমরাহর বদলে প্রথমবার ভারতীয় টেস্ট দলে আকিব নবি