প্রধানমন্ত্রীর নেতৃত্বে সন্তুষ্ট ৬৬.৩ শতাংশ মানুষ: জরিপ
একটি জাতীয় জনমত জরিপে উঠে এসেছে, দেশের ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যক্রমে সন্তুষ্ট। ডপলার রিসার্চ বাংলাদেশ লিমিটেড নামের একটি স্বাধীন জনমত গবেষণা প্রতিষ্ঠান পরিচালিত জরিপে এ তথ্য পাওয়া গেছে।‘অ্যাপ্রুভাল রেটিং সার্ভে ২০২৬’ শীর্ষক ওই জরিপের ফলাফল বুধবার (১৯ আগস্ট) প্রকাশ করা হয়। বেসরকারি প্রতিষ্ঠান ইনোভিশন কনসালটিংয়ের অর্থায়ন ও সহায়তায় জরিপটি পরিচালিত হয়েছে।জরিপে অংশ নেওয়া ২১ দশমিক ৬ শতাংশ মানুষ জানিয়েছেন, তারা প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট নন। আর ১২ দশমিক ১ শতাংশ উত্তরদাতা কোনো মতামত দেননি বা উত্তর দিতে অনিচ্ছা প্রকাশ করেছেন।[BANGVIEWS-POST:4057]প্রতিবেদনে বলা হয়েছে, বয়স, লিঙ্গ, শিক্ষা ও আয়ভেদে প্রধানমন্ত্রীর প্রতি সন্তুষ্টির হার প্রায় একই রকম রয়েছে। বিভিন্ন শ্রেণির মানুষের মধ্যে এই হার ৬১ দশমিক ৭ শতাংশ থেকে ৭০ দশমিক ৩ শতাংশের মধ্যে ছিল। দেশের আটটি বিভাগের প্রতিটিতেই সন্তুষ্টির হার ৬২ শতাংশের বেশি।তবে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জনপ্রিয়তার তুলনায় সরকারের সামগ্রিক কার্যক্রম নিয়ে মানুষের সন্তুষ্টির হার কিছুটা কম। জরিপ অনুযায়ী, সরকারের কাজকে ভালো বলেছেন ৫৪ দশমিক ৫ শতাংশ মানুষ, আর ৩২ দশমিক ৯ শতাংশ মানুষ সরকারের কার্যক্রম নিয়ে অসন্তোষ জানিয়েছেন।জরিপে দেখা গেছে, দেশের ভবিষ্যৎ নিয়ে মানুষের মধ্যে আশাবাদ থাকলেও বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। খাদ্য ও জ্বালানির দাম, বিদ্যুৎ পরিস্থিতি এবং জীবনযাত্রার ব্যয়কে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন অনেক উত্তরদাতা।দেশ কোন পথে এগোচ্ছে—এ প্রশ্নে জরিপে অংশ নেওয়া ৪৮ দশমিক ৬ শতাংশ মানুষ মনে করেন, বাংলাদেশ সঠিক পথে রয়েছে। বিপরীতে ৩৫ দশমিক ৬ শতাংশ মনে করেন দেশ ভুল পথে যাচ্ছে। আর ১৫ দশমিক ৮ শতাংশ কোনো মন্তব্য করেননি।[BANGVIEWS-POST:4056]জরিপে রাজনৈতিক সমর্থনের ভিত্তিতেও মতামতের পার্থক্য দেখা গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে সন্তুষ্টির হার ৬৫ দশমিক ৫ শতাংশ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমর্থকদের মধ্যে ৬৫ দশমিক ৮ শতাংশ এবং আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে ৫২ দশমিক ৫ শতাংশ।ডপলার রিসার্চ জানিয়েছে, সরকারের ১৮০ দিনের কার্যক্রম নিয়ে পরিচালিত এই জরিপের সামগ্রিক চিত্রকে বলা যায় ‘সতর্ক আশাবাদ’। অর্থাৎ মানুষ নেতৃত্বের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখালেও অর্থনীতি ও দৈনন্দিন জীবনের বাস্তব অভিজ্ঞতা নিয়ে তাদের মধ্যে উদ্বেগ রয়েছে।
জরিপের মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ করা হয় ২০২৬ সালের আগস্ট মাসে। প্রাপ্তবয়স্ক নাগরিকদের একটি প্যানেলের ওপর পরিচালিত এই জরিপে মোট ১০ হাজার ৪১৩টি কল করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।