ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জন্ম নিবন্ধনে অতিরিক্ত টাকা নিলে কঠোর ব্যবস্থা: চসিক প্রশাসক

জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা নিতে আসা নাগরিকদের হয়রানি, অতিরিক্ত অর্থ আদায় কিংবা অযৌক্তিক বিলম্বের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন। একই সঙ্গে নিবন্ধন কার্যক্রমে দালালচক্রের প্রভাব বন্ধ এবং সনদের তথ্য নির্ভুল রাখার নির্দেশ দিয়েছেন তিনি।মঙ্গলবার (১৭ নভেম্বর) চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ে জন্ম নিবন্ধন সহকারীদের প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চসিক প্রশাসক।ডা. শাহাদাত হোসেন বলেন, জন্ম নিবন্ধন একজন নাগরিকের আইনগত পরিচয়ের গুরুত্বপূর্ণ দলিল। শিক্ষা, চাকরি, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন কাজে এই সনদ প্রয়োজন হয়। তাই নিবন্ধন সেবা পেতে কোনো নাগরিককে অযথা ভোগান্তির মুখে ফেলা যাবে না।চসিকের ৪১টি ওয়ার্ডের জন্ম নিবন্ধন কার্যালয়কে নাগরিকবান্ধব সেবাকেন্দ্রে পরিণত করার নির্দেশ দেন তিনি।প্রশাসক বলেন, সনদে সামান্য ভুল সংশোধনের জন্য কাউকে মাসের পর মাস কার্যালয়ে ঘুরতে দেওয়া যাবে না। কোনো আবেদন অসম্পূর্ণ থাকলে শুরুতেই প্রয়োজনীয় কাগজপত্রের পূর্ণাঙ্গ তালিকা জানাতে হবে। বারবার নতুন কাগজপত্র চেয়ে আবেদনকারীদের হয়রানি করা যাবে না।নির্ধারিত সরকারি ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানান তিনি। কোনো কর্মকর্তা বা কর্মচারী দালালের মাধ্যমে সেবা নিতে বাধ্য করলে কিংবা বাড়তি টাকা দাবি করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।একই সঙ্গে নাগরিকদের সঙ্গে সম্মানজনক আচরণ এবং প্রতিটি আবেদন নির্ধারিত সময়ে নিষ্পত্তির নির্দেশ দেন চসিক প্রশাসক।জন্ম ও মৃত্যু নিবন্ধনের সময়সীমা সম্পর্কে ডা. শাহাদাত হোসেন বলেন, শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন এবং কোনো ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধনের তথ্য দেওয়া উচিত।তিনি জানান, প্রথম ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধনের জন্য কোনো সরকারি ফি দিতে হয় না। এ বিষয়ে নাগরিকদের সচেতন করতে সংশ্লিষ্ট নিবন্ধন সহকারীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।এদিকে জন্ম নিবন্ধনে জালিয়াতি প্রতিরোধেও বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন চসিক প্রশাসক।তিনি বলেন, ভুয়া ঠিকানা, জাল কাগজপত্র কিংবা মিথ্যা পরিচয় ব্যবহার করে কোনো বিদেশি নাগরিক যাতে বাংলাদেশি হিসেবে জন্ম নিবন্ধন নিতে না পারেন, তা নিশ্চিত করতে হবে।বিশেষ করে রোহিঙ্গাদের পরিচয় গোপন করে নিবন্ধন নেওয়ার অপচেষ্টা ঠেকাতে আবেদনকারীর বাবা-মায়ের পরিচয়, জন্মস্থান, স্থায়ী ঠিকানা এবং প্রয়োজনীয় নথিপত্র যথাযথভাবে যাচাই করার নির্দেশ দেন তিনি।তবে যাচাইয়ের নামে প্রকৃত যোগ্য নাগরিকদের হয়রানি করা যাবে না বলেও সতর্ক করেন ডা. শাহাদাত।জন্ম ও মৃত্যু নিবন্ধন আইনের বিধান তুলে ধরে তিনি জানান, মিথ্যা তথ্য দেওয়া কিংবা জেনেশুনে মিথ্যা তথ্যের ভিত্তিতে নিবন্ধন করানোর অপরাধে সর্বোচ্চ এক বছর বিনাশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে।নিবন্ধন কার্যক্রমে নিয়োজিত কেউ ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য অন্তর্ভুক্ত করলে বা জালিয়াতিতে সহযোগিতা করলেও তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।নিবন্ধন সনদের তথ্য নির্ভুল রাখার ওপর গুরুত্ব দিয়ে চসিক প্রশাসক বলেন, নামের বানান, জন্মতারিখ, বাবা-মায়ের নাম কিংবা ঠিকানায় ভুল থাকলে পরবর্তী সময়ে জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত সনদ ও পাসপোর্টের তথ্যের সঙ্গে অসংগতি তৈরি হয়।এ ধরনের জটিলতা এড়াতে নিবন্ধনের সময়ই তথ্য যাচাই করতে হবে। পাশাপাশি প্রকৃত ভুল সংশোধনের আবেদন দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নিতে হবে।ডিজিটাল নিবন্ধন ব্যবস্থায় কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির নির্দেশও দেন তিনি।প্রশাসক বলেন, নিবন্ধন সফটওয়্যার পরিচালনা, অনলাইনে আবেদন যাচাই, তথ্য সংশোধন এবং সনদের সত্যতা নিশ্চিত করার কাজে সংশ্লিষ্টদের দক্ষ হতে হবে।নিরাপত্তার স্বার্থে নিজের ইউজার আইডি ও পাসওয়ার্ড অন্য কাউকে ব্যবহার করতে দেওয়া যাবে না। প্রযুক্তিগত সমস্যার কারণে কোনো আবেদন আটকে গেলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।সফটওয়্যার কিংবা প্রশাসনিক জটিলতার দায় নাগরিকদের ওপর চাপানো যাবে না বলেও নির্দেশ দেন তিনি।ডা. শাহাদাত হোসেন বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধনের সঠিক তথ্য স্বাস্থ্যসেবা, শিক্ষা, টিকাদান, সামাজিক নিরাপত্তা এবং অবকাঠামো উন্নয়ন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।আধুনিক ও নাগরিকবান্ধব নগর গড়ে তুলতে সহজ, স্বচ্ছ এবং কার্যকর সেবা নিশ্চিত করার পাশাপাশি নিবন্ধন কার্যক্রমে জালিয়াতির সুযোগ বন্ধের ওপর গুরুত্ব দেন তিনি।প্রশিক্ষণ কর্মসূচিতে চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, উপসচিব মইনুল হোসেন চৌধুরী এবং প্রশাসকের একান্ত সচিব (অতিরিক্ত দায়িত্ব) ও জনসংযোগ ও প্রটোকল কর্মকর্তা আজিজ আহমদ বক্তব্য দেন।এ সময় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সহকারীরা উপস্থিত ছিলেন।

জন্ম নিবন্ধনে অতিরিক্ত টাকা নিলে কঠোর ব্যবস্থা: চসিক প্রশাসক