ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শিশুকে বাঁচিয়ে নিজেই চাপা পড়লেন ধ্বংসস্তূপে, আশুলিয়ায় মর্মান্তিক ঘটনা

আট বছরের এক শিশুকে বাঁচাতে নিজের জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত সেপটিক ট্যাংকে নেমেছিলেন পোশাকশ্রমিক মো. ছকিনুর ইসলাম (৩০)। পানিতে ডুবে যেতে থাকা শিশুটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে তুলেও দেন তিনি। কিন্তু নিজে ওপরে ওঠার আগেই ঘটে বিপর্যয়। হঠাৎ সেপটিক ট্যাংকের দেয়াল ও পাড়ের মাটি ধসে তাঁর ওপর পড়ে। এতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন ছকিনুর।মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকার দরগার পাড়ে এ ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমে তাঁর মৃত্যুর খবর প্রকাশিত হলেও প্রাথমিক পর্যায়ে পুলিশ জানিয়েছিল, উদ্ধার অভিযান চলমান রয়েছে। ছকিনুর ইসলাম নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ছিট রাজীব গ্রামের মো. জাহিদুল ইসলামের ছেলে। তিনি আশুলিয়ার এনআরএল গ্রুপে কাটিং বান্ডেলম্যান হিসেবে কাজ করতেন। দরগার পাড় এলাকায় একটি ভাড়া বাসায় স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে বসবাস করতেন তিনি।উদ্ধার হওয়া শিশুটির নাম শাহিন কাজী লাভলু (৮)। সে স্থানীয় দিনমজুর শাহাবুদ্দিন ও লাইলি দম্পতির সন্তান।প্রত্যক্ষদর্শী ও ছকিনুরের সহকর্মী রবিউল ইসলাম জানান, বিকেলে মধ্য গাজীরচট এলাকার একটি পুকুরের পাশে পরিত্যক্ত সেপটিক ট্যাংকে জমে থাকা পানিতে ছিপ দিয়ে মাছ ধরছিল শাহিন। একপর্যায়ে অসাবধানতাবশত সে ট্যাংকের পানিতে পড়ে যায়।শিশুটিকে পানিতে হাবুডুবু খেতে দেখে দেরি করেননি ছকিনুর। দ্রুত ট্যাংকের ভেতর নেমে শিশুটিকে টেনে তুলে নিরাপদ স্থানে পৌঁছে দেন।কিন্তু শিশুটিকে উদ্ধারের পর ছকিনুর নিজে ট্যাংক থেকে বের হওয়ার আগেই জরাজীর্ণ দেয়াল ও পাড়ের মাটি ধসে পড়ে। মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন তিনি।ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধারের চেষ্টা শুরু করেন। একই সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মিরাজ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাঁর প্রাথমিক বক্তব্য অনুযায়ী, ফায়ার সার্ভিসের উদ্ধারকাজ চলছিল এবং চাপা পড়া শ্রমিকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছিল।শিশুটিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হলেও তাঁকে বাঁচাতে এগিয়ে যাওয়া ছকিনুর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ার ঘটনায় এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়।স্ত্রী ও দুই সন্তান নিয়ে জীবিকা নির্বাহ করা এই পোশাকশ্রমিকের সাহসী উদ্যোগের কথা জানিয়েছেন তাঁর সহকর্মী ও স্থানীয় বাসিন্দারা।

শিশুকে বাঁচিয়ে নিজেই চাপা পড়লেন ধ্বংসস্তূপে, আশুলিয়ায় মর্মান্তিক ঘটনা