ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মাথায় গুরুতর চোট নিয়ে হাসপাতালে মার্তিনেজ, এখন কেমন আছেন?

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে গুরুতর চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়ার পর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের। তবে ভাঙা চোয়াল পুরোপুরি সেরে উঠতে প্রায় ছয় সপ্তাহ সময় লাগতে পারে। ফলে ক্লাব চেলসির গুরুত্বপূর্ণ আসন্ন ম্যাচগুলোর পাশাপাশি নভেম্বর মাসে আর্জেন্টিনার আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও এই বিশ্বকাপজয়ী তারকার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।এভারটনের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধের প্রায় ২০তম মিনিটে প্রতিপক্ষ ডিফেন্ডার জ্যারাড ব্র্যান্থওয়েটের সঙ্গে মারাত্মক এক শারীরিক সংঘর্ষে জড়ান মার্তিনেজ। আঘাতের তীব্রতায় তিনি মাঠে প্রায় ১০ মিনিট পড়ে থাকেন। প্রাথমিক চিকিৎসার পর মাঠেই তাঁকে স্ট্রেচারে তোলা হয় এবং দ্রুত নিকটস্থ ক্লিনিকে স্থানান্তর করা হয়। সেখানে বিশদ স্ক্যানে তাঁর ঘাড়, পিঠ কিংবা মাথার খুলিতে বড় কোনো জটিলতা না পাওয়া গেলেও চোয়াল ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়। ফলে জরুরি ভিত্তিতে তাঁর চোয়ালে অস্ত্রোপচার করতে হয়।হাসপাতাল থেকে এক বার্তায় নিজের শারীরিক অবস্থার অগ্রগতির কথা জানিয়ে মার্তিনেজ বলেন, ‘সবার শুভকামনার বার্তার জন্য ধন্যবাদ, অস্ত্রোপচার ভালোভাবেই সম্পন্ন হয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো দল জিতেছে। আশা করছি আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আবার মাঠে ফিরতে পারব।’চিকিৎসকদের প্রাথমিক ধারণা অনুযায়ী, মার্তিনেজের মাঠে ফেরার এই প্রক্রিয়া প্রায় ছয় সপ্তাহের মতো সময় নিতে পারে। ফলে নভেম্বরের মাঝামাঝি উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে আর্জেন্টিনার নির্ধারিত আন্তর্জাতিক ম্যাচে তাঁর অনুপস্থিতি প্রায় নিশ্চিত।এদিকে মার্তিনেজের সফল অস্ত্রোপচারে স্বস্তি প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে গোলকিপারকে সাহস জুগিয়ে লিখেছেন, ‘আমার প্রিয় দিবু, দ্রুত সেরে ওঠার শুভকামনা রইল। দূর থেকে বড় একটি আলিঙ্গন। আমার কোনো সন্দেহ নেই, তুমি আগের চেয়েও শক্তিশালী হয়ে ফিরবে। সুখে-দুঃখে আমি তোমার পাশে আছি।’

মাথায় গুরুতর চোট নিয়ে হাসপাতালে মার্তিনেজ, এখন কেমন আছেন?