ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চুয়াডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা, মণ্ডপ পরিদর্শন করলেন ডিসি ও এসপি

য়াডাঙ্গা জেলাজুড়ে উৎসবমুখর, আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পাঁচ দিনব্যাপী এই মহোৎসবের আজ মঙ্গলবার মহানবমীতে প্রতিটি মণ্ডপেই ভোর থেকে শুরু হয়েছে ভক্তদের অঞ্জলি প্রদান, চণ্ডীপাঠ ও পূজা-অর্চনা। সময় যত গড়াচ্ছে, মণ্ডপগুলোতে ভক্ত ও নানা বয়সী দর্শনার্থীদের ভিড় ততই বাড়ছে।উৎসবের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে সোমবার সন্ধ্যায় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ পরিদর্শন করেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দামুড়হুদা উপজেলার দর্শনা পুরাতন বাজার সর্বজনীন শ্রী শ্রী দুর্গামাতা মন্দিরসহ বেশ কয়েকটি মণ্ডপ পরিদর্শন করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন। এ সময় তাঁরা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, পুরোহিত ও উপস্থিত পুণ্যার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। জেলা প্রশাসক জানান, শারদীয় দুর্গোৎসব বাঙালির আবহমান ঐতিহ্য ও ধর্মীয় সম্প্রীতির অনন্য প্রতীক; সনাতন ধর্মাবলম্বীরা যেন উৎসবের প্রতিটি মুহূর্ত নির্বিঘ্ন ও আনন্দময় পরিবেশে উদযাপন করতে পারেন, সে জন্য জেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছে।অন্যদিকে সোমবার রাত আটটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার এবং পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী হাবিবা নুসরাত হক মৌ। তাঁরা মণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন এবং উপস্থিত ভক্তদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। আগামীকাল বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে পাঁচ দিনব্যাপী এই বর্ণাঢ্য শারদীয় দুর্গোৎসবের।

চুয়াডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা, মণ্ডপ পরিদর্শন করলেন ডিসি ও এসপি