ঈশ্বরদীতে চুরির অভিযোগে আটক যুবককে পিটিয়ে হত্যা
পাবনার ঈশ্বরদীতে মুদি দোকানে চুরির অভিযোগে স্থানীয় লোকজনের গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে দোকানমালিক ও তার দুই ছেলে আহত হয়েছেন।রোববার, ২ আগস্ট দিবাগত রাত প্রায় ১টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের মিস্ত্রিপাড়া ঠান্ডাতলা এলাকায় ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম মানিক ওরফে সুমন। ৩২ বছর বয়সী সুমন একই ইউনিয়নের মহাদেবপুর আজিজলতলা এলাকার মৃত বয়েন মণ্ডলের ছেলে।স্থানীয় বাসিন্দা ও পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, গভীর রাতে মুদি ব্যবসায়ী হাবিবুল ইসলামের দোকানে প্রবেশ করেন সুমন। দোকানের পাশেই হাবিবুলের বাড়ি হওয়ায় শব্দ শুনে তিনি বাইরে এসে তাকে আটকের চেষ্টা করেন।এ সময় সুমন ধারালো অস্ত্র দিয়ে হাবিবুল ইসলাম ও তার দুই ছেলেকে কুপিয়ে আহত করেন বলে অভিযোগ রয়েছে। তাদের চিৎকার শুনে আশপাশের মানুষ ঘটনাস্থলে ছুটে এসে সুমনকে ধরে গণপিটুনি দেন।[BANGVIEWS-POST:3025]মারধরে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই সুমনের মৃত্যু হয়। আহত দোকানমালিক ও তার দুই ছেলেকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া নেওয়া হয়েছে।ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুর রহমান জানিয়েছেন, ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। নিহত ব্যক্তি, আহত দোকানি এবং গণপিটুনিতে অংশ নেওয়া ব্যক্তিদের ভূমিকা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।