ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ভারতের উত্থান ঠেকাতে বহুমুখী কৌশলে এগোচ্ছে চীন

ভারতের উত্থান ঠেকাতে চীন বহুমুখী কৌশল নিয়ে এগোচ্ছে বলে সতর্কবার্তা উঠে এসেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একটি বিশেষ কমিশনের বার্ষিক প্রতিবেদনে। একদিকে গুরুত্বপূর্ণ শিল্প উপকরণ ও প্রযুক্তি সরবরাহে নিয়ন্ত্রণ আরোপ এবং অন্যদিকে সীমান্ত এলাকায় সামরিক চাপ বাড়ানোর পাশাপাশি পাকিস্তানের সঙ্গে সামরিক সম্পর্ক আরও গভীর করে বেইজিং ভারতের নিরাপত্তা উদ্বেগ বাড়াচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।যুক্তরাষ্ট্র-চীন অর্থনৈতিক ও নিরাপত্তা পর্যালোচনা কমিশনের (ইউএস-চায়না ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশন) ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদনে এসব বিষয় তুলে ধরা হয়। ‘চীনের অন্য ফ্রন্ট: ভারত ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ কৌশল’ শিরোনামের ওই প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়ায় চীনের সঙ্গে প্রতিযোগিতা করার মতো জনসংখ্যা, অর্থনীতি ও শিল্প সক্ষমতা ভারতের রয়েছে এবং শক্তিশালী ভারত এশিয়ায় ক্ষমতার ভারসাম্য যুক্তরাষ্ট্রের অনুকূলে রাখতে ও সরবরাহ ব্যবস্থার বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এ কারণেই ভারতের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে চীন সক্রিয় রয়েছে বলে কমিশন সতর্ক করেছে।মার্কিন কমিশনের মতে, ভারতকে চাপে রাখতে চীনের সবচেয়ে কার্যকর হাতিয়ার হলো অর্থনৈতিক নিয়ন্ত্রণ। গুরুত্বপূর্ণ শিল্প উপকরণ, প্রযুক্তি ও বিশেষজ্ঞ জ্ঞানের ওপর নিয়ন্ত্রণ কাজে লাগিয়ে এবং কিছু গুরুত্বপূর্ণ উপকরণ রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করে ভারতের নিজস্ব শিল্প সক্ষমতা গড়ে তোলার পথে বাধা তৈরি করছে বেইজিং। বিশ্লেষকদের মতে, চীনের ওপর নির্ভরশীলতা কমানোর প্রচেষ্টা এগোলে দুই দেশের অর্থনৈতিক প্রতিযোগিতা আরও বাড়তে পারে।প্রতিবেদনে পাকিস্তানের সঙ্গে চীনের সামরিক সম্পর্ক নিয়েও উদ্বেগ প্রকাশ করে গত বছরের মে মাসের ভারত-পাকিস্তান সংঘাত ও ‘অপারেশন সিঁদুর’-এর প্রসঙ্গ টানা হয়েছে। গত বছরের এপ্রিলে জম্মু-কাশ্মীরের পেহেলগামে ২৬ জন বেসামরিক নাগরিক হত্যার পর ভারত ‘অপারেশন সিঁদুর’ শুরু করে এবং চলতি বছরের শুরুতে চীন প্রথমবারের মতো স্বীকার করে যে ওই সংঘাতের সময় পাকিস্তানকে সরাসরি কারিগরি সহায়তা দেওয়া হয়েছিল। মার্কিন কমিশনের মতে, এতে সংকটের সময় পাকিস্তানকে সামরিক ও প্রযুক্তিগতভাবে শক্তিশালী করার সক্ষমতা এবং দুই দিক থেকে সমন্বিত সামরিক হুমকির আশঙ্কা স্পষ্ট হয়েছে।এ ছাড়া ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ ও নৌ-বাণিজ্যের কৌশলগত প্রবেশপথে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি ভারতের আঞ্চলিক সুবিধা দুর্বল করতে পারে বলে জানিয়েছে কমিশন। প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোকে অবকাঠামো ও অর্থনৈতিক অংশীদারত্বের প্রস্তাব দিয়ে এবং বিকল্পের অভাবে অনেক দেশকে চীনের অর্থায়ন ও বিনিয়োগের দিকে টেনে এনে বেইজিং দক্ষিণ এশিয়ায় ভারতের অবস্থান দুর্বল করার সুযোগ তৈরি করছে।

ভারতের উত্থান ঠেকাতে বহুমুখী কৌশলে এগোচ্ছে চীন