চার্টার্ড সেক্রেটারি পেশার উন্নয়নে সহযোগিতা চান আইসিএসবি নেতারা
ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) একটি প্রতিনিধিদল বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আইসিএসবি প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান।সোমবার আইসিএসবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে রোববার মন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলটির সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশে চার্টার্ড সেক্রেটারি পেশার বিকাশ, পেশাগত মানোন্নয়ন এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এসব ক্ষেত্রে সরকারের সহযোগিতা ও সমর্থন কামনা করেন আইসিএসবির নেতারা।সাক্ষাৎকালে আইসিএসবি প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান প্রতিনিধিদলের সদস্যদের মন্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। একই সঙ্গে চার্টার্ড সেক্রেটারিদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও পেশাটির উন্নয়নে ইনস্টিটিউটের চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন তিনি।প্রতিনিধিদলের বক্তব্য শোনার পর আইসিএসবির কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা ও সমর্থন দেওয়ার আশ্বাস দেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।বৈঠকে আইসিএসবির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. রফিকুল ইসলাম, কাউন্সিল সদস্য মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ও খোন্দকার নাসির উদ্দিন মাহমুদ এবং সেক্রেটারি ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাব্বিরুল আলম চৌধুরী উপস্থিত ছিলেন।সাক্ষাতের জন্য সময় দেওয়ায় মন্ত্রীকে ধন্যবাদ জানান আইসিএসবির নেতারা। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেন, সরকারের সহযোগিতা ও দিকনির্দেশনা ইনস্টিটিউটের লক্ষ্য অর্জন এবং দেশে চার্টার্ড সেক্রেটারি পেশার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।