মানুষকে আল্লাহমুখী করাই মাহফিলের উদ্দেশ্য: চরমোনাই পীর
বরিশালের চরমোনাইয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ঐতিহাসিক বার্ষিক মাহফিল। শুক্রবার (২৭ নভেম্বর) জুমার নামাজের পর চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে এ ধর্মীয় আয়োজন শুরু হয়।বরিশাল সদর উপজেলার চরমোনাই মাদ্রাসার মূল মাঠসহ মোট চারটি মাঠে মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মুসল্লিরা অংশ নিচ্ছেন।উদ্বোধনী বয়ানে মুফতি রেজাউল করীম বলেন, চরমোনাই মাহফিল প্রতিষ্ঠার উদ্দেশ্য কোনো পার্থিব স্বার্থ অর্জন নয়। মানুষকে আল্লাহর পথে ফিরিয়ে আনা এবং আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনে উৎসাহ দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য।তিনি বলেন, যারা দুনিয়াবি কোনো উদ্দেশ্য নিয়ে মাহফিলে এসেছেন, তাঁদের নিয়ত পরিবর্তন করে আত্মশুদ্ধির প্রস্তুতি নেওয়া উচিত।বিশেষ করে প্রথমবার মাহফিলে অংশ নেওয়া মুসল্লিদের উদ্দেশে তিনি বলেন, পার্থিব চিন্তা ও অহংকার দূর করে আখেরাতের কথা স্মরণ করতে হবে। নিজেদের বড় মনে করার প্রবণতা পরিহার করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতে হবে।নিয়মিত জিকিরের মাধ্যমে অন্তরকে আল্লাহর স্মরণে নিয়োজিত রাখা এবং মাহফিল থেকে আত্মশুদ্ধির সংকল্প নিয়ে বাড়ি ফেরার আহ্বান জানান চরমোনাই পীর।এদিকে মাহফিলে অংশ নেওয়া মুসল্লিদের সুবিধার্থে চিকিৎসা ও স্বাস্থ্যসেবার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। অসুস্থ ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি জরুরি প্রয়োজনে হাসপাতালে নেওয়ার ব্যবস্থাও রয়েছে।চারটি মাঠে শৃঙ্খলা বজায় রাখা এবং মুসল্লিদের প্রয়োজনীয় সহযোগিতার জন্য স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করছেন। নিরাপত্তার দায়িত্বে রয়েছে বাংলাদেশ মুজাহিদ কমিটির নিজস্ব নিরাপত্তা দল।মাহফিলে আসা কেউ হারিয়ে গেলে কিংবা কারও মালামাল খুঁজে পাওয়া না গেলে সহায়তার জন্য মাঠগুলোতে পৃথক হারানো ক্যাম্প স্থাপন করা হয়েছে।এ ছাড়া মুসল্লিদের জন্য খাবার, সুপেয় পানি, অজু, গোসল ও শৌচাগারের প্রয়োজনীয় ব্যবস্থাও রাখা হয়েছে।আয়োজকরা জানান, এবারের মাহফিলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পীর-মাশায়েখ, আলেম ও ইসলামী ব্যক্তিত্বরা বয়ান করবেন। ধর্মীয় আলোচনা ছাড়াও বিভিন্ন ইসলামী ও সামাজিক সংগঠনের উদ্যোগে সম্মেলন, মতবিনিময় সভা এবং প্রশিক্ষণমূলক কার্যক্রম অনুষ্ঠিত হবে।মাহফিলের নির্ধারিত সাতটি মূল বয়ানে অংশ নেবেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এবং শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।আয়োজকদের প্রকাশিত পূর্ববর্তী কর্মসূচি অনুযায়ী, সাতটি মূল বয়ানের মধ্যে উদ্বোধনী ও সমাপনী বয়ানসহ চারটি করবেন মুফতি রেজাউল করীম। বাকি তিনটি বয়ান দেওয়ার কথা মুফতি ফয়জুল করীমের। আগামী সোমবার (৩০ নভেম্বর) ভোরে চরমোনাই পীরের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিল শেষ হওয়ার কথা রয়েছে।চরমোনাই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় ১৯২৪ সালে। চরমোনাই দরবার ও মাহফিলের প্রতিষ্ঠাতা ছিলেন মাওলানা সৈয়দ এছহাক (রহ.)। তাঁর মৃত্যুর পর ১৯৭৭ সাল থেকে দরবারের দায়িত্ব পালন করেন মাওলানা সৈয়দ ফজলুল করীম (রহ.)।২০০৬ সালে তাঁর মৃত্যুর পর থেকে চরমোনাই দরবারের নেতৃত্ব দিয়ে আসছেন মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।প্রতিবছর চরমোনাইয়ে আয়োজিত এই মাহফিলে ধর্মীয় আলোচনা, আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক অনুশীলনে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা সমবেত হন।