শাহ আমানত বিমানবন্দরে ৩ জনের কারাদণ্ড, ১৬ জনকে জরিমানা
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে সড়ক পরিবহন আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে আরও ১৬ জনকে মোট ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।রোববার (২৯ নভেম্বর) বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নুর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে রোববারসহ কয়েক দিন ধরে বিমানবন্দরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।অভিযানে বিমানবন্দরের পার্কিং এলাকা ও টার্মিনালের ড্রাইভওয়েতে যানবাহন চলাচলের শৃঙ্খলা তদারকি করা হয়। পাশাপাশি দোকান ও লাউঞ্জে বিক্রি হওয়া খাবারের মান এবং প্রদর্শিত মূল্যতালিকাও পরীক্ষা করা হয়।বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিনের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়। এ সময় বিমানবন্দরের নিরাপত্তা শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. তারেক জিয়াউদ্দিন, বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সদস্য এবং আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।অভিযান চলাকালে পার্কিং এলাকা ও ড্রাইভওয়েতে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪৭(২) ও ৯০ ধারা লঙ্ঘনের দায়ে ১৫ জনকে মোট ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।এ ছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় একজনকে ৩ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। সব মিলিয়ে ১৬ জনের কাছ থেকে জরিমানা করা অর্থের পরিমাণ দাঁড়ায় ১৮ হাজার ৫০০ টাকা।অন্যদিকে যাত্রী হয়রানির অভিযোগে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে একজনকে ৩০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্য দুজনকে পাঁচ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।