ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ ২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চট্টগ্রামে নকশাবহির্ভূত ভবনের বিরুদ্ধে চউকের অভিযান, ২০ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম মহানগরীতে অনুমোদিত নকশা অমান্য করে ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২০ লাখ টাকা জরিমানা আদায় করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। রোববার (১১ অক্টোবর) পরিচালিত এ অভিযানে সাতটি ভবন পরিদর্শন করা হয়। এ সময় তিনটি ভবন সিলগালা করার পাশাপাশি পাঁচটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।নগরীর কোতোয়ালি, খলিফাপট্টি, আবেদিন কলোনি, চকবাজার কাঁচাবাজার ও পাহাড়তলীর বিটাক এলাকায় অভিযান চালায় চউক। অনুমোদিত নকশার বাইরে নির্মিত ভবনের বিভিন্ন অংশ ভেঙে অপসারণ করা হয়। একই সঙ্গে ভবনমালিকদের ভবিষ্যতে চউকের অনুমোদিত নকশা অনুসরণ করে নির্মাণকাজ পরিচালনার অঙ্গীকারনামা নেওয়া হয়।অভিযানে আবেদিন কলোনির একটি ভবনে অনুমোদনের চেয়ে বেশি তলা নির্মাণের বিষয়টি সামনে আসে। চউক সূত্রে জানা যায়, আটতলা ভবন নির্মাণের অনুমতি নেওয়া হলেও ভবনটি ১১ তলা পর্যন্ত নির্মাণ করা হয়েছে। অভিযান চলাকালে সেখানে ভবনমালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি।পরিদর্শনে দেখা যায়, নির্মাণকাজের জন্য ব্যবহৃত একটি বিদ্যুৎ মিটারের মাধ্যমে ভবনটির ভাড়াটিয়াদের বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল। ভাড়াটিয়ারা সেখানে বসবাস করায় মানবিক বিবেচনায় ভবনটি সিলগালা না করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়।চউকের চিফ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ), তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) ও ইমারত নির্মাণ কমিটি-২-এর চেয়ারম্যান মোহা. মনজুর হাসান এবং অথরাইজড অফিসার-২ তানজিব হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।অভিযান শেষে মোহা. মনজুর হাসান বলেন, অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণ এবং অবৈধ স্থাপনার বিরুদ্ধে চউকের অভিযান অব্যাহত থাকবে।অন্যদিকে, অথরাইজড অফিসার তানজিব হোসেন বলেন, চট্টগ্রাম মহানগরীকে পরিকল্পিত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চউক নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় কোতোয়ালি, চকবাজার ও পাহাড়তলী এলাকায় অভিযান চালানো হয়েছে।তিনি আরও বলেন, নগরীর ভবনগুলোকে যথাযথ নিয়মের আওতায় আনতে প্রতি মাসে দুই থেকে তিনটি অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে। এ সময় ভবনমালিকদের চউকের অনুমোদিত নকশা মেনে ভবন নির্মাণের আহ্বান জানান তিনি।অভিযানে চউকের সহকারী অথরাইজড অফিসার মো. ইলিয়াছ আকতার ও মো. হামিদুল হক, ইমারত পরিদর্শক মো. তোফায়েল হোসেন, বিমান বড়ুয়া, আবু জাফর ইকবাল, গৌরাঙ্গ চন্দ্র পাল, জোবাইর ইবনে আনোয়ার ও মো. সাইদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

চট্টগ্রামে নকশাবহির্ভূত ভবনের বিরুদ্ধে চউকের অভিযান, ২০ লাখ টাকা জরিমানা