ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দুই দিনে পৃথিবীর কাছ দিয়ে অতিক্রম করছে পাঁচটি গ্রহাণু

পৃথিবীর কাছ দিয়ে দুই দিনে অতিক্রম করছে পাঁচটি গ্রহাণু। এর মধ্যে চারটি গত ১৯ নভেম্বর পৃথিবীর কাছাকাছি দিয়ে চলে গেছে এবং বাকি একটি আজ ২০ নভেম্বর (২০২৬) পৃথিবীর কাছ দিয়ে যাওয়ার কথা রয়েছে। বিভিন্ন আকারের এসব মহাজাগতিক পাথরখণ্ড দ্রুতগতিতে এগিয়ে এলেও এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থাটির হিসাব অনুযায়ী, গ্রহাণুগুলো নিরাপদ দূরত্ব বজায় রেখেই অতিক্রম করবে, ফলে ধ্বংসযজ্ঞের আশঙ্কা নেই।তবে নাসার শ্রেণিবিন্যাস অনুযায়ী, পাঁচটি গ্রহাণুই সম্ভাব্য ঝুঁকিপূর্ণ গ্রহাণুর বৈশিষ্ট্যের মধ্যে পড়ে; কারণ আকারে খুব বড় না হলেও এগুলোর কক্ষপথ পৃথিবীর জন্য নির্ধারিত ন্যূনতম ঝুঁকিপূর্ণ দূরত্বের মধ্যে রয়েছে।নাসার তথ্য অনুযায়ী, ১৯ নভেম্বর পৃথিবীর সবচেয়ে কাছ দিয়ে অতিক্রম করা প্রথম গ্রহাণু ‘২০২৬ ভিএ১১’-এর ব্যাস প্রায় ৪০ ফুট এবং নিকটতম দূরত্ব ছিল ৩৩ লাখ ৫০ হাজার কিলোমিটার। দ্বিতীয় গ্রহাণু ‘২০২৬ টিবি৮৪’-এর আকার প্রায় ২১০ ফুট (একটি উড়োজাহাজের সমান) এবং এটি পৃথিবী থেকে ৪৬ লাখ ৫০ হাজার কিলোমিটার দূরে ছিল। তৃতীয় গ্রহাণু ‘২০০৭ ডব্লিউকে৩’-এর ব্যাস প্রায় ৬৪ ফুট, যা ৫৪ লাখ ৭০ হাজার কিলোমিটার দূর দিয়ে অতিক্রম করেছে। চতুর্থ গ্রহাণু ‘২০১৮ এনই১’-এর আকার প্রায় ২৩০ ফুট এবং ১৯ নভেম্বর এটি ৬৩ লাখ ৯০ হাজার কিলোমিটার দূর দিয়ে গেছে।অন্যদিকে, পঞ্চম গ্রহাণু ‘২০২৬ ভিডি৬’ আজ ২০ নভেম্বর পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে পৌঁছানোর কথা রয়েছে; তখন পৃথিবী থেকে এর দূরত্ব থাকবে প্রায় ৪০ লাখ ২০ হাজার কিলোমিটার।নাসার জেট প্রপালশন ল্যাবরেটরিতে অবস্থিত সেন্টার ফর নিয়ার আর্থ অবজেক্ট স্টাডিজ (সিএনইওএস) পৃথিবীর কাছাকাছি থাকা গ্রহাণু ও ধূমকেতুর কক্ষপথ, আকার, গতি ও দূরত্ব হিসাব করে সম্ভাব্য ঝুঁকি নিরূপণ করে। নাসার সংজ্ঞা অনুযায়ী, সূর্য থেকে ১৯ কোটি ৫০ লাখ কিলোমিটারের মধ্যে কক্ষপথে চলাচলকারী গ্রহাণু ও ধূমকেতুকে নিয়ার আর্থ অবজেক্ট বলা হয়, এবং সম্ভাব্য বিপদ এড়াতে এগুলোর গতিবিধি নিয়মিত পর্যবেক্ষণ করা হয়।সূত্র: নাসা 

দুই দিনে পৃথিবীর কাছ দিয়ে অতিক্রম করছে পাঁচটি গ্রহাণু