১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি নলকূপের গ্যাসের আগুন
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীতে একটি বসতবাড়িতে গভীর নলকূপ স্থাপনের সময় ভূগর্ভ থেকে তীব্র বেগে গ্যাস নির্গত হয়ে লাগা আগুন ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি। মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) ভোর সাড়ে ৫টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ ফায়ার টিম কাজ করছে।স্থানীয় সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট বাড়িটিতে গত তিন দিন ধরে গভীর নলকূপ বসানোর জন্য খননকাজ চলছিল। প্রায় ১ হাজার ফুট গভীর পর্যন্ত পাইপ বসানোর পর মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে হঠাৎ প্রচণ্ড শব্দে ভূগর্ভস্থ গ্যাস তীব্র চাপে ওপরের দিকে উঠতে শুরু করে। একপর্যায়ে গ্যাসে হঠাৎ আগুন ধরে যায় এবং তা চারদিকে ছড়িয়ে পড়ে।খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালায়। তবে গভীর নিচ থেকে অনবরত উচ্চচাপে গ্যাস নির্গত হতে থাকায় এবং পানি ছিটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি ফায়ার টিম ঘটনাস্থলে এসে অগ্নিনির্বাপণ কার্যক্রমে যোগ দেয়।অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে এলাকায় মাইকিং করে স্থানীয়দের নিরাপদ দূরত্বে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ঝুঁকিপূর্ণ এলাকাটিতে বিপুলসংখ্যক উৎসুক জনতার ভিড় সামলাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বেগ পেতে হচ্ছে।উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার জানান, গ্যাস নির্গত হয়ে আগুন লাগার পর পুলিশ অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছেন।উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইদুল ইসলাম জানান, ভূগর্ভের গভীর থেকে গ্যাস বের হওয়া অব্যাহত থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে যৌথভাবে সেনাবাহিনীর বিশেষজ্ঞ ফায়ার টিম আগুন নিয়ন্ত্রণের চেষ্টা অব্যাহত রেখেছে।