স্মার্টচশমায় গোপন ভিডিও, অ্যাকাউন্ট নিষিদ্ধ করছে ইনস্টাগ্রাম
মেটার স্মার্টচশমা ব্যবহার করে মানুষের অজান্তে ভিডিও ধারণ এবং হেনস্তামূলক কনটেন্ট প্রকাশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে শুরু করেছে ইনস্টাগ্রাম। নীতিমালা লঙ্ঘনকারী কনটেন্ট সরানোর পাশাপাশি সংশ্লিষ্ট অ্যাকাউন্ট নিষিদ্ধও করা হচ্ছে।ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি জানিয়েছেন, অন্যের দুর্বলতার সুযোগ নিয়ে তৈরি কিংবা হেনস্তামূলক ‘পিকআপ লাইন’ ও প্র্যাঙ্ক ভিডিও প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হবে।তিনি বলেন, মানুষকে গোপনে ভিডিও করে হেনস্তা করার পর সেই ফুটেজ ইনস্টাগ্রামে প্রকাশের সুযোগ দিতে চায় না প্রতিষ্ঠানটি।সম্প্রতি মেটার স্মার্টচশমা ব্যবহার করে জনসমক্ষে নারীদের সঙ্গে কথোপকথন গোপনে ধারণের বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়ে। অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট নারীরা বুঝতেই পারেননি যে তাদের ভিডিও করা হচ্ছে। সেবাকর্মীদের লক্ষ্য করে তৈরি বিভিন্ন প্র্যাঙ্ক ভিডিও নিয়েও সমালোচনা দেখা দেয়।বিজনেস ইনসাইডারের অনুসন্ধানে এমন দুটি জনপ্রিয় অ্যাকাউন্ট বন্ধ করার তথ্য পাওয়া গেছে। দুটি অ্যাকাউন্টেরই ১০ লাখের বেশি অনুসারী ছিল। মেটা নিশ্চিত করেছে, স্মার্টচশমায় ধারণ করা হেনস্তামূলক কনটেন্ট প্রকাশের কারণে অ্যাকাউন্ট দুটি নিষিদ্ধ করা হয়েছে।তবে শুধু কারও অনুমতি ছাড়া ভিডিও ধারণ করলেই অ্যাকাউন্ট বাতিল হবে—এমন সর্বজনীন নীতি ঘোষণা করেনি মেটা। গোপনে ধারণ করা ভিডিওতে কাউকে শোষণ, বিব্রত বা হেনস্তা করা হলে ইনস্টাগ্রামের নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।স্মার্টচশমার অপব্যবহার ঠেকাতে বাধ্যতামূলক সফটওয়্যার হালনাগাদও এনেছে মেটা। ভিডিও ধারণের সময় জ্বলে ওঠা রেকর্ডিং নির্দেশক এলইডি ঢেকে ফেলা, নষ্ট করা কিংবা পরিবর্তনের চেষ্টা শনাক্ত হলে চশমার ক্যামেরা বন্ধ হয়ে যাবে।এর আগে কিছু ব্যবহারকারী টেপ বা কালো ফিল্ম দিয়ে আলোটি ঢেকে এবং হার্ডওয়্যার পরিবর্তন করে গোপনে ভিডিও ধারণ করতেন। নতুন হালনাগাদ এসব কৌশল কতটা কার্যকরভাবে বন্ধ করতে পারবে, তা জানতে আরও সময় লাগবে।সূত্র: এনগ্যাজেট