ইসরায়েলে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ১, আহত ২
ইসরায়েলের মধ্যাঞ্চলের আরব অধ্যুষিত শহর তিরায় গাড়িবোমা বিস্ফোরণে ৩২ বছর বয়সী হায়া কাসেম নামের এক নারী নিহত হয়েছেন। গত শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) গভীর রাতে দুই সন্তানকে নিয়ে গাড়িতে যাওয়ার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তাঁর সাত ও দুই বছর বয়সী দুই সন্তান আহত হয়েছে।টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণে গুরুতর আহত কাসেমকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ইসরায়েলের জরুরি চিকিৎসাসেবা সংস্থা মাগেন ডেভিড আদমের এক চিকিৎসাকর্মী জানান, বিস্ফোরণের পর স্থানীয় বাসিন্দারা গাড়ি থেকে শিশু দুটিকে বের করে আনতে সহায়তা করেন এবং পরে উদ্ধারকর্মীরা কাসেমকে বের করে সবাইকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।পুলিশের প্রাথমিক ধারণা, এ হত্যাকাণ্ডের সঙ্গে জাতীয়তা বা রাজনৈতিক কোনো উদ্দেশ্য জড়িত নয়; বরং ঘটনাটি অপরাধমূলক কর্মকাণ্ডের অংশ। ভুল পরিচয়ের কারণে কাসেমকে লক্ষ্যবস্তু করা হয়েছিল কি না, তা-ও তদন্ত করে দেখছে পুলিশ। তবে কাসেমের সঙ্গে সংঘবদ্ধ অপরাধচক্রের কোনো সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়নি। ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেটকে তাঁর এক বন্ধু জানান, কাসেম বিভিন্ন স্কুলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়তায় কাজ করতেন এবং তিনি ছিলেন অত্যন্ত সৎ ও সম্মানিত একজন নারী।তিরার এ ঘটনার আগে বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে ২৪ ঘণ্টায় আরারা, জাফা ও উম্ম আল-ফাহমে পৃথক গুলির ঘটনায় আরব সম্প্রদায়ের আরও তিন ব্যক্তি নিহত হন। ইসরায়েলের আরব অধ্যুষিত এলাকাগুলোতে কয়েক বছর ধরেই অপরাধমূলক সহিংসতা বেড়ে চলেছে।এরও এক সপ্তাহের কম সময় আগে কাফর মান্দায় একটি মিষ্টির দোকানে গ্রেনেড হামলায় এক নারী নিহত হন। সহাবস্থান নিয়ে কাজ করা সংগঠন আব্রাহাম ইনিশিয়েটিভসের হিসাব অনুযায়ী, ওই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে চলতি বছর ইসরায়েলে সহিংস ঘটনায় নিহত আরব নাগরিকের সংখ্যা ২০০-তে পৌঁছায় এবং এর কয়েক ঘণ্টা পর তাইবেতে গুলিতে এক ব্যক্তি নিহত হলে সংখ্যাটি দাঁড়ায় ২০১। সংগঠনটির তথ্যমতে, গত বছর ইসরায়েলে সহিংসতায় ২৫২ জন আরব নাগরিক নিহত হন, যা দেশটির মোট হত্যাকাণ্ডের ৮০ শতাংশের বেশি—যদিও মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ আরব নাগরিক।সূত্র: টাইমস অব ইসরায়েল