নেতানিয়াহু আর এক মিনিটও পদে থাকতে পারেন না: গাদি আইজেনকট
ইসরাইলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তরের বিরুদ্ধে সদ্যসমাপ্ত জাতীয় নির্বাচনে হস্তক্ষেপের গুরুতর অভিযোগ উঠেছে। এমন প্রেক্ষাপটে দেশটির বিরোধীদলীয় নেতা ও নতুন সরকার গঠনের দায়িত্বপ্রাপ্ত গাদি আইজেনকট বলেছেন, নেতানিয়াহু ‘আর এক মিনিটের জন্যও সরকারের শীর্ষ পদে থাকতে পারেন না’। গতকাল রোববার (১৫ নভেম্বর ২০২৬) জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা নিয়ে দুই নেতার প্রতিনিধিদের মধ্যে বৈঠকের মাত্র কয়েক ঘণ্টা পরই প্রতিদ্বন্দ্বী নেতানিয়াহুর বিরুদ্ধে এই তীব্র বাক্যবাণ চালান আইজেনকট। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট লেখেন, ‘বিদায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তাঁর ঘনিষ্ঠ মহলের আচরণ ইসরাইলি গণতন্ত্রের জন্য একটি বাস্তব, প্রত্যক্ষ ও তাৎক্ষণিক হুমকি হয়ে দাঁড়িয়েছে।’এর আগে রোববার ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে অভিযোগ করা হয়, গত ২৭ অক্টোবরের জাতীয় নির্বাচনের ঠিক আগের রাতে ইউনাইটেড আরব লিস্ট (রা’আম) দলের সদস্যদের বিরুদ্ধে পুলিশ কমিশনারের কার্যালয়ে অভিযোগ দায়ের করেছিলেন নেতানিয়াহুর চিফ অব স্টাফ ইদো নর্ডেন। প্রতিবেদন অনুযায়ী, নর্ডেন পুলিশ কর্মকর্তাদের একটি ‘কথিত’ গোয়েন্দা সূত্রের সন্ধান দেন, যিনি আগে নেতানিয়াহুর দপ্তরেরই কর্মী ছিলেন। চ্যানেল ১২ জানায়, ওই সূত্রের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রায় ১৪ জন পুলিশ কর্মকর্তা কোনো ধরনের পরোয়ানা ছাড়াই রা’আম দলের তিন সদস্যের বাড়িতে অভিযান চালান। এ সময় ভোট কেনার জন্য ঘুষ দেওয়ার সন্দেহে তাঁদের গ্রেপ্তার করা হয়। এরপর নির্বাচনের দিনজুড়ে আরব দলগুলোর বিরুদ্ধে ব্যাপক প্রচারণা চালান নেতানিয়াহু। নির্বাচনে আরব দলগুলো রেকর্ড ১৯টি আসনে জয়লাভ করার পর ভোট জালিয়াতির ভিত্তিহীন অভিযোগও তোলেন তিনি। তবে পরবর্তী সময়ে ‘কথিত’ ওই গোয়েন্দা সূত্রের তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন প্রমাণিত হলে পুলিশ গ্রেপ্তারকৃত তিন ব্যক্তিকে ছেড়ে দেয়। চ্যানেল ১২-এর প্রতিবেদনে আরও চাঞ্চল্যকর অভিযোগ করা হয় যে, ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান ডেভিড জিনি নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের সন্দেহে ভোটের দিন পাঁচ ফিলিস্তিনি-ইসরাইলি সংসদ সদস্যের ফোনে আড়ি পাতার জন্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের কাছে অনুমতি চেয়েছিলেন। তবে অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারা সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন। এসব তথ্য প্রকাশের পর গাদি আইজেনকট বলেন, ‘আমি অবিলম্বে এই ঘটনার তদন্তের আহ্বান জানাচ্ছি এবং প্রকাশিত তথ্যগুলোর বিষয়ে পুলিশ ও শিন বেতকে দ্রুত স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার দাবি করছি।’অন্যদিকে, আইজেনকটের এই বক্তব্যকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ‘চরম উসকানি’ বলে অভিহিত করেছে নেতানিয়াহুর লিকুদ পার্টি। এর আগে গত শুক্রবার (১৩ নভেম্বর) আইজেনকট অভিযোগ করেছিলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য নির্বাচনের সময় ইসরাইলের ফিলিস্তিনি নাগরিকদের বিরুদ্ধে ‘বর্ণবাদী ও সহিংস’ প্রচারণায় উসকানি দিয়েছেন নেতানিয়াহু। এদিকে শনিবার (১৪ নভেম্বর) জাতীয় ঐক্যের সরকার গঠনের জন্য আইজেনকটের প্রতি পুনরায় আহ্বান জানান নেতানিয়াহু। তবে বিরোধীদলীয় নেতা সেই আহ্বানকে ‘ধোঁকাবাজি’ বলে সরাসরি উড়িয়ে দিয়েছেন। সূত্র: আল জাজিরা