বিশ্ববিদ্যালয়গুলোকে হার্ভার্ড-এমআইটির মানে গড়ে তোলার পরিকল্পনা: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার কাজ করছে। তিনি জানান, ভবিষ্যতে বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে হার্ভার্ড, ক্যামব্রিজ এবং ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)-এর আদলে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ‘রিভার্স ব্রেইন ড্রেইন’ বাস্তবায়নের মাধ্যমে দেশের মেধাবীদের দেশে রেখে গবেষণা ও উদ্ভাবনে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।শনিবার বিকেলে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে সামার-২০২৬ টার্মে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, ভবিষ্যতের বিশ্বে নেতৃত্ব দিতে হলে শিক্ষার্থীদের শুধু পাঠ্যক্রমে সীমাবদ্ধ থাকলে চলবে না। গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তিনির্ভর জ্ঞানচর্চার মাধ্যমে দেশ ও বিশ্বের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে। তিনি শিক্ষার্থীদের নতুন ধারণা ও উদ্ভাবনী কাজে মনোযোগী হওয়ার আহ্বান জানান।অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তাদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফুল ও ফলজ গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।[BANGVIEWS-POST:1627]এরপর বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয় এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া হয়।অনুষ্ঠানে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. জাহিদুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, রেজিস্ট্রার মো. আবদুল্লাহ মৃধা, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম এবং ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হানসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এবারের সামার-২০২৬ টার্মে বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে ৫১৩ জন, স্নাতকোত্তর পর্যায়ে ৩০ জন এবং পিএইচডি পর্যায়ে ৩ জনসহ মোট ৫৪৬ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। অনুষ্ঠানের একপর্যায়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শিক্ষামন্ত্রী। এছাড়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।