ঢাকা, বাংলাদেশ
২৩° ঢাকা · পরিষ্কার আকাশ ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

গাজায় নভেম্বরে ইসরায়েলি হামলায় নিহত ১৬ শিক্ষার্থী

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলতি নভেম্বর মাসের শুরু থেকে ইসরায়েলি হামলায় অন্তত ১৬ জন স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার শিক্ষা মন্ত্রণালয়। যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও বিভিন্ন এলাকায় হামলা অব্যাহত রয়েছে। এর মধ্যে শিশুদের প্রাণহানির পাশাপাশি খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ের সংকট আরও গভীর হচ্ছে।বুধবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে গাজার শিক্ষা মন্ত্রণালয় জানায়, ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে তৃতীয়বারের মতো ফিলিস্তিনি শিক্ষার্থীরা হামলার শিকার হয়েছে। মন্ত্রণালয়ের অভিযোগ, গাজায় শিশুদের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর সহিংসতা অব্যাহত রয়েছে। নভেম্বরের শুরু থেকে নিহত স্কুলশিক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। ওই দিন ভোরে গাজা সিটির পশ্চিমাঞ্চলে একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের চারজন নিহত হন। তাঁদের মধ্যে ছিল দুই বোন, ১৫ বছর বয়সী ইউসরা মোহাম্মদ আবু আল-ওউফ ও ১৩ বছর বয়সী জানা মোহাম্মদ আবু আল-ওউফ।ইউসরা স্থানীয় কাফর কাসেম স্কুলে পড়ত। তার ছোট বোন জানা ছিল আল-মানার বেসরকারি স্কুলের শিক্ষার্থী।হামলায় দুই বোনের বাবা মোহাম্মদ মাজেদ আবু আল-ওউফ এবং মা নুরা এজত আবু আল-ওউফও নিহত হন। এ ঘটনায় আরও কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন। নিহত বাবা গাজার উত্তরাঞ্চলে হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতেন বলে জানা গেছে।একই পরিবারের চারজনের মৃত্যুর পর শিশুদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছে গাজার শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অভিযোগ, হামলায় শুধু শিক্ষার্থীদের প্রাণহানি ঘটছে না, পুরো শিক্ষা ব্যবস্থাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।চলতি বছরের শুরুতে জাতিসংঘের একটি স্বাধীন তদন্ত কমিশন গাজায় ফিলিস্তিনি শিশুদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলা নিয়ে গুরুতর অভিযোগ তোলে। কমিশনের মূল্যায়নে শিশুদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার ঘটনাকে গণহত্যামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে উল্লেখ করা হয়।নভেম্বরের শুরুতেও গাজায় একাধিক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে।গত ৬ নভেম্বর দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকার বির ১৯ অঞ্চলে ইসরায়েলি বাহিনীর হামলায় আহত হয় ১৫ বছর বয়সী মোহাম্মদ নিদাল বারবাখ। পরে আহত অবস্থায় তার মৃত্যু হয়।মোহাম্মদ মুসকাট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। পড়াশোনার পাশাপাশি ফুটবলের প্রতি ছিল তার বিশেষ আগ্রহ। বড় হয়ে পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্ন দেখত সে।তার বাবা চিকিৎসক নিদাল মোহাম্মদ বারবাখ জানান, ঘটনার দিন দুপুরের খাবার খেয়ে বেলা দেড়টার দিকে একটি স্পোর্টস একাডেমিতে প্রশিক্ষণের জন্য যায় মোহাম্মদ।বাবার বর্ণনা অনুযায়ী, ওই সময় কাছের একটি উঁচু জায়গায় ইসরায়েলি ট্যাংক অবস্থান নেয়। পরে খেলার মাঠের দিকে দুটি গোলা ছোড়া হয়। এর একটি ধাতব বস্তুর সঙ্গে আঘাত লেগে দিক পরিবর্তন করে মোহাম্মদের পিঠে লাগে এবং গলার দিক দিয়ে বেরিয়ে যায়।ছেলের মৃত্যুর স্মৃতিচারণা করতে গিয়ে নিদাল বারবাখ বলেন, মোহাম্মদ পড়াশোনায় ভালো ছিল, খেলাধুলাতেও প্রতিভাবান ছিল। কিন্তু মাত্র ১৫ বছর বয়সে একটি খেলার মাঠে তার জীবন শেষ হয়ে যায়।তিনি বলেন, আল-মাওয়াসি এলাকাকে নিরাপদ মনে করে বহু মানুষ সেখানে আশ্রয় নিয়েছিল। অথচ সেখানেই তাঁর ছেলেকে প্রাণ হারাতে হয়েছে। ছেলের মৃত্যুতে ইসরায়েলি বাহিনীকে দায়ী করেন তিনি।মোহাম্মদের মতোই ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন ছিল ১২ বছর বয়সী আহমেদ আবু দাহেরের।গত ১৩ নভেম্বর মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় ইসরায়েলি গোলাবর্ষণে তিনজন নিহত হন। তাঁদের মধ্যে ছিলেন আহমেদ, তার বাবা এবং এক নারী।আহমেদের মা ওয়ালা আবু দাহের জানান, তাঁর ছেলে বড় হয়ে আরবি ভাষার শিক্ষক হতে চেয়েছিল। আহমেদের দাদা সালেহ আবু দাহেরও আরবি ভাষার শিক্ষক ছিলেন। দাদার পেশাকেই নিজের ভবিষ্যৎ হিসেবে বেছে নিতে চেয়েছিল শিশুটি।ঘটনার দিন আহমেদের বাবা দেইর আল-বালাহর পূর্বাঞ্চলের আল-কাস্তাল এলাকায় একটি শোকসভায় যাচ্ছিলেন। বাবার সঙ্গে যাওয়ার অনুমতি চেয়েছিল আহমেদ। পরে দুজনই সেখানে যান।ওয়ালার ভাষ্য অনুযায়ী, শোকসভা চলাকালে এলাকায় ইসরায়েলি গোলাবর্ষণ শুরু হয়। প্রথম গোলা পড়ার পর আহমেদ সাহায্যের জন্য উপস্থিত লোকজনের দিকে ছুটে যায়। দ্বিতীয় গোলা ছোড়া হলে সে আবার বাবার কাছে ফিরে যাওয়ার চেষ্টা করে।এ সময় গোলার টুকরা আহমেদের পা, পেট ও মাথায় আঘাত করে। হামলায় বাবা ও ছেলে দুজনই নিহত হন।স্বামী ও সন্তানকে হারানোর বেদনা তুলে ধরে ওয়ালা বলেন, তাঁদের মৃত্যুর পর তাঁর জীবন যেন থেমে গেছে। এই ক্ষতির গভীরতা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।গাজায় দীর্ঘ যুদ্ধের মধ্যে এমন বহু শিশু প্রাণ হারিয়েছে। স্কুলে পড়ার বয়সী হাজারো শিশু এবং শিক্ষা খাতের শত শত কর্মী নিহত হয়েছেন। অন্যদিকে বিপুলসংখ্যক শিশু নিয়মিত শিক্ষা গ্রহণের সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছে।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গাজার বিভিন্ন এলাকায় নতুন করে ইসরায়েলি হামলায় অন্তত নয়জন ফিলিস্তিনি নিহত হওয়ার কথা জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা। নিহতদের মধ্যে গাজার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব খালেদ আবু নাদা ও তাঁর স্ত্রীও রয়েছেন।তবে খালেদ আবু নাদার বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করেছে, তিনি হামাসের শিক্ষা ও অর্থনৈতিক কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন। অন্যদিকে গাজার স্বাস্থ্য কর্মকর্তারা তাঁর এবং তাঁর স্ত্রীর নিহত হওয়ার তথ্য জানিয়েছেন। গাজার শিক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে, শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর অব্যাহত হামলা ফিলিস্তিনের শিক্ষা ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করার বৃহত্তর ধারাবাহিকতার অংশ।শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির চিত্রও উদ্বেগজনক।জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের তথ্য অনুযায়ী, গাজার প্রায় ৯৮ শতাংশ স্কুল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ভবনের ৯৩ শতাংশের বেশি বড় ধরনের সংস্কার অথবা সম্পূর্ণ পুনর্নির্মাণ ছাড়া ব্যবহার উপযোগী করা সম্ভব নয়। প্রায় ৮১ শতাংশ স্কুল ভবন সরাসরি হামলার শিকার হয়েছে। স্কুল ভবনের ক্ষয়ক্ষতি এবং নিরাপত্তাহীনতার কারণে গাজার শিশুদের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করা কঠিন হয়ে পড়েছে। অনেক পরিবার দীর্ঘদিন ধরে বাস্তুচ্যুত অবস্থায় রয়েছে। ফলে শিশুদের পড়াশোনা ও স্বাভাবিক বেড়ে ওঠার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।এদিকে গাজার বাসিন্দারা টানা চতুর্থবারের মতো কঠিন শীতকাল পার করার প্রস্তুতি নিচ্ছেন। বহু পরিবার এখনো অস্থায়ী তাঁবু, ক্ষতিগ্রস্ত ভবন এবং জনাকীর্ণ আশ্রয়কেন্দ্রে বসবাস করছে।বিশুদ্ধ পানির সংকট, অপর্যাপ্ত পয়োনিষ্কাশনব্যবস্থা এবং স্বাস্থ্যসেবার সীমিত সুযোগের কারণে শিশুদের মধ্যে সংক্রামক রোগের ঝুঁকিও বাড়ছে।বিশেষ করে গাজায় মেনিনজাইটিস সংক্রমণ বেড়ে যাওয়ায় নতুন উদ্বেগ তৈরি হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রোগটির বিস্তার নিয়ে মহামারি সতর্কতা জারি করে।স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, শুধু অক্টোবরেই ২৭২ জনের মেনিনজাইটিস সংক্রমণের তথ্য পাওয়া গেছে। আগে মাসে গড়ে ৩০ থেকে ৫০ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া যেত বলে জানিয়েছে কর্তৃপক্ষ।অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ১ অক্টোবর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত গাজায় ৬৯২টি সন্দেহভাজন মেনিনজাইটিসের ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ভাইরাসজনিত ও ব্যাকটেরিয়াজনিত উভয় ধরনের সংক্রমণের সন্দেহ রয়েছে। এক বছরের কম বয়সী শিশুরা বিশেষভাবে ঝুঁকির মধ্যে রয়েছে। স্বাস্থ্য সংস্থাগুলোর মতে, দীর্ঘ সংঘাতে পানি ও পয়োনিষ্কাশন অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। অন্যদিকে আশ্রয়কেন্দ্রে অতিরিক্ত মানুষের ভিড় এবং দূষিত পানির ব্যবহার সংক্রামক রোগের ঝুঁকি বাড়িয়ে তুলছে।এর সঙ্গে যুক্ত হয়েছে শীতকালীন বৃষ্টি, জলাবদ্ধতা এবং পর্যাপ্ত মানবিক সহায়তা পৌঁছানোর প্রতিবন্ধকতা।জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তরের তথ্য অনুযায়ী, গাজায় প্রায় ১৩ লাখ ৬০ হাজার মানুষ এখনো তাঁবু ও অস্থায়ী আশ্রয়ে বসবাস করছে। শীত মোকাবিলায় প্রয়োজনীয় সহায়তার জন্য নির্ধারিত অর্থের মাত্র ৩৫ শতাংশ সংগ্রহ করা সম্ভব হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত তিন বছরের বেশি সময় ধরে চলা সংঘাতে অন্তত ৭৪ হাজার ৭৪৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ২০ হাজারের বেশি শিশু রয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।এদিকে আহমেদ ও মোহাম্মদের মৃত্যুর ঘটনা সম্পর্কে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, নির্দিষ্ট ঘটনাগুলো নিয়ে বিস্তারিত মন্তব্য করার মতো পর্যাপ্ত তথ্য তাদের কাছে নেই।তবে আহমেদ নিহত হওয়ার দিন পরিচালিত অভিযানে ১০ জনকে ‘সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করে হত্যার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। তাদের বক্তব্য, হামলার আগে বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি কমাতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল।গাজার শিক্ষা মন্ত্রণালয়ের অভিযোগ এবং নিহত শিশুদের পরিবারের বক্তব্যের বিপরীতে ইসরায়েলি বাহিনীর এই অবস্থান এসেছে।যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও গাজার বিভিন্ন এলাকায় হামলা, শিশুদের প্রাণহানি এবং মানবিক সংকট অব্যাহত রয়েছে। স্কুলে যাওয়ার সুযোগ হারানো শিশুদের জন্য খাদ্য, চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ের পাশাপাশি শিক্ষায় ফিরে যাওয়ার নিশ্চয়তা এখনো বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে।সূত্র : দ্য গার্ডিয়ান

গাজায় নভেম্বরে ইসরায়েলি হামলায় নিহত ১৬ শিক্ষার্থী