তিন মাসের কাজেই ১৫ বছরের ব্যর্থতা ঢেকে গেছে: মন্তব্য মির্জা ফখরুলের
মুন্সীগঞ্জের গজারিয়ায় অবকাঠামো উন্নয়ন কার্যক্রম নিয়ে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সরকারের উন্নয়ন কাজ ইতোমধ্যে শুরু হয়েছে এবং আগামী পাঁচ বছরের মধ্যে দেশের বিভিন্ন এলাকায় রাস্তাঘাট ও সেতুর কাজ সম্পন্ন করা হবে।শনিবার (২০ জুন) বেলা সোয়া ১১টায় গজারিয়া উপজেলার ভবেরচর গ্রামীণ বাজার উন্নয়ন প্রকল্পের আওতায় নবনির্মিত আধুনিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।[BANGVIEWS-POST:244]মন্ত্রী বলেন, “তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।” তিনি আরও দাবি করেন, বর্তমান সরকার পরিকল্পিতভাবে দেশের অবকাঠামো উন্নয়নে কাজ করছে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।জানা যায়, বাংলাদেশ সরকারের অর্থায়নে দেশব্যাপী গ্রামীণ বাজার উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে ভবেরচর গ্রামীণ বাজারে ২০২৪ সালের ১ জুলাই নির্মাণকাজ শুরু হয়। প্রায় ২ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার টাকার বেশি ব্যয়ে নির্মিত আধুনিক এই মার্কেট ভবনের কাজ বাস্তবায়ন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), মুন্সীগঞ্জ। কাজটি সম্পন্ন করে ঠিকাদারি প্রতিষ্ঠান স্বপ্না কনস্ট্রাকশন লিমিটেড।[BANGVIEWS-POST:243]অনুষ্ঠানে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফী, পুলিশ সুপার মেনহাজুল আলম এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী গজারিয়া উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও পরিদর্শন করেন।