গঙ্গার পানিবণ্টনে ভারতের সঙ্গে নতুন চুক্তি চায় বাংলাদেশ
গঙ্গার পানিবণ্টন নিয়ে ভারতের সঙ্গে বিদ্যমান চুক্তির মেয়াদ বাড়ানোর পরিবর্তে নতুন একটি চুক্তি করতে চায় বাংলাদেশ। নতুন চুক্তিতে দেশের স্বার্থ সুরক্ষার পাশাপাশি পানির ন্যায্য হিস্যা নিশ্চিতে ‘গ্যারান্টি ক্লজ’ অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীতে নদী দূষণ নিয়ন্ত্রণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ অবস্থানের কথা জানান।পানিসম্পদমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতি ও জনজীবনে নদীর গুরুত্ব অপরিসীম। তবে অপরিকল্পিত শিল্পায়ন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের নদীগুলো ক্রমেই নানা সংকটের মুখে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় নদী দূষণের উৎস শনাক্ত করে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।বুড়িগঙ্গার দূষণ পরিস্থিতিকেও বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন মন্ত্রী। রাজধানী ঘিরে থাকা নদীগুলোর পরিবেশ রক্ষায় বিচ্ছিন্ন উদ্যোগের পরিবর্তে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত পদক্ষেপ প্রয়োজন বলেও অনুষ্ঠানে গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে উপস্থাপিত তথ্যে বলা হয়, ঢাকা মহানগরে প্রতিদিন প্রায় ৩ হাজার ৯০০ মিলিয়ন লিটার বর্জ্যপানি তৈরি হয়। এর মধ্যে প্রায় ১ হাজার ৫০০ মিলিয়ন লিটার নদীতে গিয়ে মেশে। এর ফলে পরিবেশগত ক্ষতির পাশাপাশি প্রতিবছর বিপুল আর্থিক ক্ষতির মুখেও পড়তে হচ্ছে।
উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্তমান গঙ্গা পানিবণ্টন চুক্তি ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর স্বাক্ষরিত হয়। ৩০ বছর মেয়াদি চুক্তিটির মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা।