খুলনায় দুর্বৃত্তদের গুলিতে স্কুলছাত্রী আহত
খুলনা নগরীতে দুর্বৃত্তদের গুলিতে ইতি (১৭) নামে এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাত পৌনে ৮টার দিকে নগরীর রূপসা বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত ইতি রূপসা বেড়িবাঁধ এলাকার বাসিন্দা জুলফিকার রহমানের মেয়ে। তিনি রূপসা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।ঘটনার বিষয়ে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, প্রাথমিক তথ্যে জানা গেছে ইতি স্থানীয় এক সন্ত্রাসী বাহিনীর প্রধান হিসেবে পরিচিত আশিকের সৎ বোন। তবে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ রক্ত বা গুলির কোনো আলামত পায়নি। এছাড়া আশপাশের কেউ গুলির শব্দও শোনেনি বলে জানিয়েছেন।তিনি বলেন, অন্য কোনো স্থানে গুলির ঘটনা ঘটিয়ে তা গোপন করার চেষ্টা হয়েছে কি না, সেটিও গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে ইতোমধ্যে অভিযান শুরু করেছে পুলিশ।[BANGVIEWS-POST:1125]পুলিশের তথ্য অনুযায়ী, গত পাঁচ দিনের মধ্যে খুলনায় এটি তৃতীয় গুলির ঘটনা। এর আগে ২ জুলাই সকালে নগরীর লবণচরা থানার আশিবিঘা এলাকার একটি মাঠে রাতুল শেখ (২২) নামে এক যুবক গুলিবিদ্ধ হন। এছাড়া ২৮ জুন রাতে গল্লামারী এলাকার একটি ক্লিনিকের সামনে রফিকুল ইসলাম মানিক নামে এক ভাঙারি ব্যবসায়ীকে গুলি করে দুর্বৃত্তরা। পরিবারের অভিযোগ, চাঁদা না দেওয়ায় ওই হামলার শিকার হন তিনি। তবে এসব ঘটনার কোনো মামলাতেই এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের আগস্ট থেকে এ পর্যন্ত খুলনায় মোট ৮৯টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। চলতি বছরের প্রথম ছয় মাসে সংঘটিত ১৯টি হত্যাকাণ্ডের মধ্যে ৩৪টি ঘটনায় বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সম্পৃক্ততার তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।