৫০৩ উপজেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন প্রধানমন্ত্রীর
তৃণমূল পর্যায় থেকে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যে দেশজুড়ে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর। বৃহস্পতিবার বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সময়ে অনলাইনে দেশের ৫০৩টি উপজেলায়ও দ্বিতীয় আসরের কার্যক্রম উদ্বোধন করেন তিনি।বিকেল পৌনে ৪টায় স্টেডিয়ামে পৌঁছে প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে প্রতিযোগিতার ১০টি বিভাগে অংশ নেওয়া ক্ষুদে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহফুজুল আলম খান তাঁকে অভ্যর্থনা জানান।প্রধানমন্ত্রীর উপস্থিতিতে স্টেডিয়ামের গ্যালারিতে থাকা শিক্ষার্থী ও ক্রীড়াবিদরা হাত নেড়ে তাঁকে অভিবাদন জানান। শিশু-কিশোরদের উচ্ছ্বাসের মধ্যে মাঠের ভেতর দিয়ে গ্যালারির কাছাকাছি গিয়ে তাদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমান।‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ কর্মসূচিতে ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরেরা অংশ নিতে পারছে। আগের আটটি ইভেন্টের পাশাপাশি এবার যুক্ত হয়েছে ভলিবল ও টেবিল টেনিস। ফলে মোট ১০টি ক্রীড়া বিভাগে প্রতিযোগিতার সুযোগ পাচ্ছে ক্ষুদে খেলোয়াড়েরা।আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, দ্বিতীয় আসরে খুলনায় অনলাইনে নিবন্ধন করেছে ১৬ লাখ ২৩ হাজার ২১৮ জন প্রতিযোগী। খেলাধুলার প্রতি শিশু-কিশোরদের আগ্রহ বাড়ানো, তাদের সুপ্ত প্রতিভা বিকশিত করা এবং ক্রীড়াঙ্গনে নতুন প্রজন্মকে যুক্ত করাই এ উদ্যোগের লক্ষ্য।এর আগে গত ২ মে সিলেটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছিল। এবারের আয়োজনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে তাদের বিকাশের সুযোগ তৈরি করতে চায় সরকার।বিএনপির নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ক্রীড়া পরিদপ্তর কর্মসূচিটি বাস্তবায়ন করছে। আশির দশকে জনপ্রিয়তা পাওয়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি’র ধারাবাহিকতায় এবার খেলাধুলার ক্ষেত্রে প্রতিভা খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হয়েছে।