দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খাদ্যমন্ত্রী
ধর্ম-বর্ণ নির্বিশেষে সব ভেদাভেদ ভুলে সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের বন্ধন অটুট রাখার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেন, এ দেশ আমাদের সবার; তাই আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।শুক্রবার (৯ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে মানিকগঞ্জ সদর উপজেলার ১২৫টি পূজামণ্ডপে সরকারি ত্রাণ কর্মসূচির (জিআর) চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অতিরিক্ত পুলিশ সুপার, মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, বিএনপি ও এর অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের বিপুলসংখ্যক নাগরিক উপস্থিত ছিলেন।খাদ্যমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, ‘ঈদ কিংবা পূজা—যেকোনো ধর্মীয় উৎসবই মূলত আনন্দ ভাগাভাগির দিন। একে অপরের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়ে পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার মধ্য দিয়েই দেশকে এগিয়ে নিতে হবে।’ কোনো ধরনের বিভ্রান্তি বা বিরোধে না জড়িয়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তিনি সকলের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে স্থানীয় মন্দির ও শ্মশানঘাটের অবকাঠামোগত সংস্কারসহ উন্নয়নমূলক সহায়তা ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।অনুষ্ঠানে মানিকগঞ্জ সদর উপজেলার ১২৫টি পূজামণ্ডপের প্রতিটির জন্য ৬০০ কেজি করে মোট ৭৫ মেট্রিক টন জিআর চালের বরাদ্দপত্র বিতরণ করা হয়। এ ছাড়া পৌরসভার পক্ষ থেকে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের চারটি সামাজিক সংগঠনকে ২০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়। খাদ্যশস্য বিতরণের পর একই স্থানে পল্লী সঞ্চয় ব্যাংকের পল্লী সবুজায়ন কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ, ফলদ ও বনজ গাছের চারা বিতরণ এবং সদস্যদের মাঝে ঋণ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।এর আগে সকাল ১১টায় খাদ্যমন্ত্রী আফরোজা খানম মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অব.) শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, কেবল প্রাতিষ্ঠানিক পরীক্ষায় ভালো ফল করলেই চলবে না; সততা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের সমন্বয়ে যোগ্য নাগরিক হয়ে উঠতে হবে। এ সময় তিনি তাঁর প্রয়াত পিতা ও বিশিষ্ট শিল্পপতি হারুনার রশিদ খান মুন্নুর জীবনাদর্শ অনুসরণের জন্য নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান।