ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়নে পিকেএসএফের ১২ চুক্তি

দেশের ক্ষুদ্র উদ্যোগে অর্থায়ন বাড়াতে ১১টি বাণিজ্যিক ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে পৃথক ১২টি ক্রেডিট গ্যারান্টি চুক্তি করেছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।‘ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিমের’ (সিইএস) আওতায় স্বাক্ষরিত চুক্তিগুলোর মাধ্যমে ২০২৬-২৭ অর্থবছরে পিকেএসএফের সহযোগী সংস্থাগুলোকে সর্বোচ্চ ২ হাজার ৮০০ কোটি টাকার গ্যারান্টিযুক্ত ঋণ দিতে পারবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।চুক্তিবদ্ধ ব্যাংকগুলো হলো ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, এনসিসি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক অব সিলন, ঢাকা ব্যাংক, মধুমতি ব্যাংক ও সীমান্ত ব্যাংক। আর্থিক প্রতিষ্ঠান হিসেবে যুক্ত হয়েছে দ্য ইউএই-বাংলাদেশ ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড বা ইউবিকো।[BANGVIEWS-POST:2254]সোমবার (২০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ ভবন-১-এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পিকেএসএফের পক্ষে উপব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ হাসান খালেদ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পক্ষে তাদের ব্যবস্থাপনা পরিচালক ও উপব্যবস্থাপনা পরিচালকেরা চুক্তিতে সই করেন।পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের বলেন, দেশের স্বল্প আয়ের মানুষকে উদ্যোক্তায় রূপান্তরের উদ্যোগে বাণিজ্যিক ব্যাংকগুলোকে আনুষ্ঠানিকভাবে সম্পৃক্ত করতে এই স্কিম চালু করা হয়েছে।এ ব্যবস্থায় পিকেএসএফের সহযোগী সংস্থাগুলো ব্যাংক থেকে ঋণ নিয়ে ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে বিতরণ করবে। ব্যাংকের দেওয়া ঋণের বিপরীতে গ্যারান্টি দেবে পিকেএসএফ। ঋণের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সংস্থাটি নিয়মিত তদারকিও করবে।ফজলুল কাদের বলেন, ব্যাংকিং খাতের অর্থ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে সিইএস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে আর্থিক অন্তর্ভুক্তি এবং ন্যায়সংগত প্রবৃদ্ধি উৎসাহিত হবে বলে আশা করেন তিনি।[BANGVIEWS-POST:2224]পিকেএসএফ ২০২৫ সালের ১ জুলাই আনুষ্ঠানিকভাবে সিইএস কার্যক্রম শুরু করে। প্রথম বছরে ১০টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান এ কর্মসূচিতে যুক্ত হয়। তাদের মধ্যে ছয়টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান ২৬টি সহযোগী সংস্থার মাধ্যমে ক্ষুদ্র উদ্যোগে মোট ১ হাজার ৮২ কোটি টাকা ঋণ বিতরণ করেছে।তবে ঘোষিত ২ হাজার ৮০০ কোটি টাকা সরাসরি অনুদান নয়। এটি ২০২৬-২৭ অর্থবছরে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে দেওয়ার সম্ভাব্য গ্যারান্টিযুক্ত ঋণসীমা।

ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়নে পিকেএসএফের ১২ চুক্তি