ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নতুন কুঁড়ির ১০টি ইভেন্ট জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে

স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের খেলাধুলায় দক্ষ করে তুলতে নতুন কুঁড়ি প্রতিযোগিতার ১০টি ইভেন্ট জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।আজ রোববার (২২ নভেম্বর ২০২৬) রাজধানীর ল্যাবএইড হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ক্রীড়াবিদদের চিকিৎসা সুবিধার জন্য আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, অর্থের অভাবে কোনো খেলোয়াড় যাতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। খেলোয়াড়দের প্রাপ্য সম্মান ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ক্রীড়া কার্ড দেওয়া হয়েছে এবং খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তুলতে চায় সরকার। তিনি আরও জানান, ক্রীড়া কার্ডে নতুন সুযোগ-সুবিধা যুক্ত করতে ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা চলছে, যাতে খেলোয়াড়েরা খেলায় মনোযোগ দিয়ে ক্রীড়াক্ষেত্রে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারেন।আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতির বিষয়ে মো. আমিনুল হক বলেন, এশিয়ান গেমস ও অলিম্পিকের মতো আন্তর্জাতিক ইভেন্টে বাংলাদেশ যাতে যোগ্যতা অর্জন করতে পারে, সেজন্য সারা বছর ক্যাম্প পরিচালনা করা হবে এবং আগামী জানুয়ারি থেকে এ কার্যক্রম শুরু হবে।তিনি আরও উল্লেখ করেন, নতুন কুঁড়ি প্রতিযোগিতার ১০টি ইভেন্ট জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করা হচ্ছে, যাতে কোমলমতি শিক্ষার্থীরা স্কুল থেকেই খেলাধুলায় পারদর্শী হয়ে উঠতে পারে। পাশাপাশি ক্রীড়াক্ষেত্রে অতীতে দেশের জন্য অবদান রাখা সাবেক ক্রীড়াবিদদের প্রথমবারের মতো ভাতা দেওয়া হবে এবং আগামী জানুয়ারি থেকে এ ভাতা প্রদান শুরু হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

নতুন কুঁড়ির ১০টি ইভেন্ট জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে