ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ ৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ট্রাম্প অর্গানাইজেশনের ৩০০ হিসাব বন্ধের কারণ জানাল ক্যাপিটাল ওয়ান

অর্থ পাচারবিরোধী বিশেষজ্ঞদের কয়েক মাসের পর্যালোচনার পর ট্রাম্প অর্গানাইজেশনের সঙ্গে সংশ্লিষ্ট তিন শতাধিক ব্যাংক হিসাব বন্ধ করা হয়েছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আর্থিক প্রতিষ্ঠান ক্যাপিটাল ওয়ান।শুক্রবার ফ্লোরিডার একটি ফেডারেল আদালতে জমা দেওয়া নথিতে এ দাবি করেছে ব্যাংকটি। ট্রাম্প অর্গানাইজেশনের করা মামলা খারিজের আবেদন জানিয়ে ক্যাপিটাল ওয়ান বলেছে, রাজনৈতিক মতাদর্শের কারণে নয়, অর্থ পাচারবিরোধী নীতিমালা ও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুসরণ করেই হিসাবগুলো বন্ধ করা হয়েছিল।আদালতের নথিতে ব্যাংকটি জানায়, হিসাবগুলোতে এমন কিছু লেনদেনের ধরন শনাক্ত হয়েছিল, যেগুলো মার্কিন কেন্দ্রীয় ব্যাংকিং নির্দেশিকায় যাচাইযোগ্য কার্যক্রম হিসেবে চিহ্নিত। এরপর ক্যাপিটাল ওয়ানের অর্থ পাচারবিরোধী দল কয়েক মাস ধরে বিস্তারিত বিশ্লেষণ করে।তবে আদালতের নথিতে ডোনাল্ড ট্রাম্প, তার পরিবার বা ট্রাম্প অর্গানাইজেশনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ আনা হয়নি। নির্দিষ্ট লেনদেনগুলোর বিস্তারিতও প্রকাশ করা হয়নি। কেবল বলা হয়েছে, সংশ্লিষ্ট হিসাবগুলো চালু রাখা হবে কি না—সে বিষয়ে ব্যাংকের অভ্যন্তরীণ ঝুঁকি ও পরিপালন প্রক্রিয়ার অংশ হিসেবে পর্যালোচনাটি করা হয়েছিল।২০২১ সালের মার্চে ট্রাম্প অর্গানাইজেশনকে হিসাবগুলো বন্ধের সিদ্ধান্ত জানায় ক্যাপিটাল ওয়ান। ওই বছরের অক্টোবরের মধ্যে হিসাবগুলো অন্যত্র সরিয়ে নেওয়া বা বন্ধ করার প্রক্রিয়া সম্পন্ন হয়।২০২৫ সালের মার্চে ট্রাম্প অর্গানাইজেশন ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প ব্যাংকটির বিরুদ্ধে মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটল ভবনে হামলার পর তৈরি রাজনৈতিক পরিবেশকে কাজে লাগিয়ে ক্যাপিটাল ওয়ান তাদের তিন শতাধিক হিসাব বন্ধ করেছে।ট্রাম্প অর্গানাইজেশনের দাবি, রক্ষণশীল রাজনৈতিক মতাদর্শ এবং ব্যাংকটির কথিত ‘উদারপন্থী’ অবস্থানের কারণেই তাদের আর্থিক সেবা থেকে বঞ্চিত করা হয়েছে। তবে ক্যাপিটাল ওয়ান এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।ব্যাংকটি বলেছে, তাদের অর্থ পাচারবিরোধী দলের পর্যালোচনার সঙ্গে রাজনৈতিক বিবেচনার কোনো সম্পর্ক ছিল না। মামলার কারণেই অভ্যন্তরীণ পর্যালোচনার বিষয়টি আদালতে প্রকাশ করতে হয়েছে।এর আগে আদালত মামলাটির একটি সংস্করণ খারিজ করলেও সংশোধিত অভিযোগ দাখিলের সুযোগ দিয়েছিলেন। এবার সংশোধিত মামলাটিও স্থায়ীভাবে খারিজ করার আবেদন জানিয়েছে ক্যাপিটাল ওয়ান।সূত্র: রয়টার্স,

ট্রাম্প অর্গানাইজেশনের ৩০০ হিসাব বন্ধের কারণ জানাল ক্যাপিটাল ওয়ান