ঢাকা    সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাংলাদেশের বাজারে ক্যাননের নতুন ইওএস আর ৮ মার্ক ২

বাংলাদেশের বাজারে নতুন ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ইওএস আর ৮ মার্ক ২ উন্মোচন করেছে জাপানি প্রযুক্তি প্রতিষ্ঠান ক্যানন। ২৪.২ মেগাপিক্সেল সেন্সরের ক্যামেরাটি ইওএস আর ৮-এর পরবর্তী সংস্করণ। ফটোগ্রাফির পাশাপাশি ভিডিও ও ডিজিটাল কনটেন্ট নির্মাতাদের কথা মাথায় রেখে এতে বেশ কিছু নতুন সুবিধা যুক্ত করা হয়েছে।সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ক্যামেরাটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। ক্যাননের তথ্য অনুযায়ী, ব্যাটারি ও মেমোরি কার্ডসহ ক্যামেরাটির ওজন প্রায় ৫৪৬ গ্রাম এবং আকার ১৩১.৪ × ৯০ × ৭৯.৭ মিলিমিটার।ক্যানন সিঙ্গাপুরের সিনিয়র ডিরেক্টর (রিজিওনাল বিক্রয় ও বিপণন) নাগাই কাতসুয়ুকি বলেন, নতুন নকশা, সহজে ব্যবহারযোগ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং উন্নত ইমেজিং প্রযুক্তির সমন্বয়ে ক্যামেরাটি বিভিন্ন পর্যায়ের ব্যবহারকারীদের সৃজনশীল কাজে সহায়তা করবে।ইওএস আর ৮ মার্ক ২-তে ইন-বডি ইমেজ স্ট্যাবিলাইজেশন বা আইবিআইএস সুবিধা রাখা হয়েছে। ক্যাননের দাবি, উপযুক্ত আরএফ লেন্সের স্থিতিশীলতা ব্যবস্থার সঙ্গে সমন্বয় করে এটি ছবির কেন্দ্রে সর্বোচ্চ ৭.৫ স্টপ এবং প্রান্তে ৭ স্টপ পর্যন্ত স্থিতিশীলতা দিতে সক্ষম।অটোফোকাস নিয়ন্ত্রণ সহজ করতে ক্যামেরাটিতে মাল্টি-কন্ট্রোলার বা জয়স্টিক যুক্ত করা হয়েছে। এর ফলে ভিউফাইন্ডার থেকে চোখ না সরিয়েও ব্যবহারকারী দ্রুত অটোফোকাস পয়েন্ট নির্বাচন করতে পারবেন।দ্রুতগতির বিষয়বস্তু ধারণের জন্য এতে দ্বিতীয় প্রজন্মের ডুয়াল পিক্সেল সিএমওএস অটোফোকাস প্রযুক্তি রয়েছে। ইলেকট্রনিক শাটার ব্যবহার করে প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ৪০টি ছবি তোলার সুবিধাও পাওয়া যাবে। নির্দিষ্ট ব্যক্তিকে নিবন্ধন করে ভিড়ের মধ্যেও তাকে অগ্রাধিকার দিয়ে ফোকাসে রাখার সুবিধা রয়েছে।ক্যামেরাটিতে নতুন দুটি কালার ফিল্টার যোগ করেছে ক্যানন। এগুলো হলো নেগেটিভ ফিল্মটোন এবং পজিটিভ ফিল্মটোন। আগের ফিল্টারগুলোর পাশাপাশি ব্যবহারকারী নতুন ফিল্টারের তীব্রতাও প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করতে পারবেন।নতুন ব্যবহারকারীদের জন্য রয়েছে ক্রিয়েটিভ অটো মোড। সহজ ইন্টারফেস ব্যবহার করে ছবি তোলার বিভিন্ন সেটিংস নিয়ন্ত্রণ করা যাবে। ভিডিওতে ব্যাকগ্রাউন্ড ব্লার, স্লো ও ফাস্ট মোশন এবং সিনেমাটিক লুক তৈরির সুবিধাও রাখা হয়েছে।ভিডিও নির্মাতাদের জন্য ইওএস আর ৮ মার্ক ২-তে ৬কে ডেটা থেকে ওভারস্যাম্পল করা ৪কে ৬০পি ভিডিও ধারণের সুবিধা রয়েছে। ফুল এইচডিতে শব্দসহ সর্বোচ্চ ১৮০পি রেকর্ডিং করা যাবে। পোস্ট-প্রোডাকশনে কালার গ্রেডিংয়ের সুবিধার জন্য ক্যানন লগ ৩-ও রয়েছে।সরাসরি সম্প্রচারের জন্য তারযুক্ত ও তারবিহীন মিলিয়ে একাধিক সংযোগ ব্যবস্থা রাখা হয়েছে। ক্যাননের লাইভ সুইচার মোবাইল অ্যাপ ব্যবহার করে একাধিক ক্যামেরা অ্যাঙ্গেল থেকে সম্প্রচারের ব্যবস্থাও রয়েছে।ভার্চুয়াল রিয়েলিটি কনটেন্ট তৈরির ক্ষেত্রেও ক্যামেরাটি ব্যবহার করা যাবে। ক্যাননের সামঞ্জস্যপূর্ণ ফুল-ফ্রেম ও এপিএস-সি ভিআর লেন্সের সঙ্গে এটি কাজ করবে। ভিআর কনটেন্টের কনট্রাস্ট ও দৃশ্যমানতা উন্নত করতে নতুন ভিআর ক্লিয়ার মোড যুক্ত করা হয়েছে।ক্যামেরাটিতে ডিজিক এক্স প্রসেসর ব্যবহার করা হয়েছে। স্থিরচিত্রের জন্য আইএসও রেঞ্জ ১০০ থেকে ১,০২,৪০০, যা বর্ধিত মোডে ৫০ থেকে ২,০৪,৮০০ পর্যন্ত ব্যবহার করা যাবে। এতে ইউএইচএস-১ ও ইউএইচএস-২ সমর্থিত একটি এসডি কার্ড স্লট, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.৩, ৩.৫ মিলিমিটার স্টেরিও মাইক্রোফোন জ্যাক এবং ৪কে ৬০ এফপিএস এইচডিএমআই আউটপুট রয়েছে। শক্তির জন্য ব্যবহার করা হয়েছে এলপি-ই১৭ ব্যাটারি।নতুন ক্যামেরার পাশাপাশি এক্সটেনশন গ্রিপ ইজি-ই২, ব্লুটুথ রিমোট কন্ট্রোলারযুক্ত ট্রাইপড গ্রিপ এইচজি-১০০০টিবিআর এবং স্পিডলাইট ইএল-৫ সংস্করণ ২-সহ তিনটি আনুষঙ্গিক পণ্যও ঘোষণা করা হয়েছে।ক্যানন জানিয়েছে, অঞ্চল ও বাজারভেদে ক্যামেরাটির দাম, প্রাপ্যতা এবং কিছু বৈশিষ্ট্যে পার্থক্য থাকতে পারে।

বাংলাদেশের বাজারে ক্যাননের নতুন ইওএস আর ৮ মার্ক ২