ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে ট্রোলিং, মুখ খুললেন ক্যাটরিনা কাইফ

সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের নেতিবাচক মন্তব্য দিয়ে নিজের আত্মসম্মান বিচার করা উচিত নয় বলে মনে করেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সন্তান জন্মের পর শারীরিক পরিবর্তন নিয়ে অনলাইনে কটাক্ষের শিকার হওয়ার দীর্ঘ সময় পর এবার এ বিষয়ে মুখ খুলেছেন তিনি। অন্যকে খুশি করতে গিয়ে নিজের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা হারানো উচিত নয় বলেও মনে করেন এই অভিনেত্রী।লন্ডনে নিজের প্রসাধনী সংস্থার বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব কথা বলেন ক্যাটরিনা। সরাসরি কারও নাম উল্লেখ না করলেও তাঁর বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলিং এবং ব্যক্তিগত আত্মবিশ্বাস ধরে রাখার বিষয়টি উঠে এসেছে।অভিনেত্রী বলেন, ‘আমার মনে হয় সোশ্যাল মিডিয়ায় কে কী বলছে বা কী ন্যারেটিভ তৈরি হচ্ছে, সেটা দিয়ে নিজের আত্মসম্মান বিচার করা একেবারেই ভুল। আপনি যদি সবাইকে খুশি করতে যান, তবে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার ক্ষমতাটাই হারিয়ে ফেলবেন।’নেতিবাচক মন্তব্যকে গুরুত্ব দিয়ে জীবন পরিচালনা করলে নিজের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হতে পারে বলেও মন্তব্য করেন ক্যাটরিনা।তিনি বলেন, ‘আমাকে নিয়ে আসা প্রতিটি নেতিবাচক মন্তব্যকে যদি আমি পাত্তা দিতাম বা আমার জীবন পরিচালনা করতে দিতাম, তাহলে হয়তো আমি ভয়ে এক জায়গায় স্থির হয়ে যেতাম, জীবনে আর এক পাও এগোতে পারতাম না।’নিজের প্রতি আস্থা রাখার গুরুত্ব তুলে ধরে অভিনেত্রী আরও বলেন, ‘বিশ্ব যখন আপনাকে নিয়ে মাতামাতি করবে না, তখন নিজেকেই নিজের সবচেয়ে বড় সমর্থক ও চিয়ারলিডার হতে হবে। জীবনের প্রতিটি পর্যায় এক রকম হয় না।’গত বছরের নভেম্বরে পুত্রসন্তানের জন্ম দেন ক্যাটরিনা কাইফ। এরপর তাঁর শারীরিক গঠন ও সন্তান জন্মের পর শরীরের পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা কুরুচিকর মন্তব্য করেন নেটিজেনদের একাংশ।সেই সময় অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছিলেন বলিউডের কয়েকজন পরিচিত মুখ। তাঁদের মধ্যে ছিলেন সালমান খান, হৃতিক রোশান, সমীরা রেড্ডি ও সৌন্দর্য রজনীকান্ত। তবে এত দিন এ বিষয়ে প্রকাশ্যে নিজের প্রতিক্রিয়া জানাননি ক্যাটরিনা।এবার নিজের বক্তব্যে তিনি মনে করিয়ে দিয়েছেন, জীবনের প্রতিটি পর্যায় এক রকম হয় না। কখনো সবকিছু প্রত্যাশামতো চলবে, আবার কখনো নিজের কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছানোর জন্য অপেক্ষা করতে হবে। এসব পরিবর্তনকে স্বাভাবিকভাবে গ্রহণ করার পরামর্শ দিয়েছেন তিনি।ক্যাটরিনার ভাষায়, ‘কোনো সময় আপনার সব কিছু পারফেক্ট থাকবে, আবার কখনো কোনো কিছুই মনের মতো হবে না। কখনো আপনাকে সেরা দেখাবে, আবার কখনো সেরা রূপ পাওয়ার জার্নিটা চলবে। তাই এই সবকিছুকে হালকাভাবে গ্রহণ করা উচিত, নিজেকে নিয়ে বড্ড বেশি গম্ভীর বা চিন্তিত হওয়ার কিছু নেই।’অভিনেত্রীর বক্তব্যে নিজের প্রতি আস্থা রাখা এবং অন্যের নেতিবাচক মন্তব্যকে জীবনের নিয়ামক হতে না দেওয়ার বার্তা উঠে এসেছে। মাতৃত্বের পর নারীর শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার প্রেক্ষাপটে তাঁর এই বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে।

মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে ট্রোলিং, মুখ খুললেন ক্যাটরিনা কাইফ