ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ১২ লাখ টাকার মাদক জব্দ

ভোলায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৩১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১০ পিস রয়্যাল স্ট্যাগ হুইস্কিসহ মো. সেলিম (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৮৫ হাজার টাকা। আজ সোমবার (২৩ নভেম্বর ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর থানার ইলিশার মাঝের চরসংলগ্ন মেঘনা নদী দিয়ে মাদকের একটি চালান ভোলায় প্রবেশের তথ্য পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করে আজ সকাল ১১টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহজনক একটি স্পিডবোটে তল্লাশি চালিয়ে ৩১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১০ পিস রয়্যাল স্ট্যাগ হুইস্কি উদ্ধার করা হয় এবং মাদক কারবারি মো. সেলিমকে আটক করা হয়। আটক সেলিম কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার কালীকাপর গ্রামের রমেজ আলীর ছেলে। জব্দকৃত মাদকদ্রব্য ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ সময় লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, মাদকের বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ১২ লাখ টাকার মাদক জব্দ