ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কুমিল্লায় বড় ভাইয়ের মৃত্যুর আধা ঘণ্টার মধ্যে ছোট ভাইয়েরও প্রয়াণ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে শোক সইতে না পেরে মাত্র আধা ঘণ্টার ব্যবধানে ছোট ভাইও মারা গেছেন। জীবনের দীর্ঘ পথচলার পর মৃত্যুর ক্ষেত্রেও দুই সহোদর আলাদা হননি। পরে একসঙ্গে জানাজা শেষে তাঁদের পাশাপাশি কবরে দাফন করা হয়েছে।বুধবার (৭ অক্টোবর) বাদ জোহর ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের হুড়ারপাড় গ্রামের ঈদগাহ মাঠে তাঁদের যৌথ জানাজা অনুষ্ঠিত হয়। মারা যাওয়া দুই ভাই হলেন ওই গ্রামের মৃত আশকর আলীর ছেলে আব্দুল জলিল মিয়া (৭৫) ও জয়নাল আবেদীন জুনু (৭০)।পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বড় ভাই আব্দুল জলিল দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৯টার দিকে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।হাসপাতালে বড় ভাইয়ের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে তা সহ্য করতে পারেননি ছোট ভাই জয়নাল আবেদীন। খবরটি শোনার পরপরই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এর ঠিক আধা ঘণ্টার মাথায় নিজ বাড়িতে তাঁরও মৃত্যু হয়।তাঁদের ভাতিজা জসীমউদ্দীন জানান, দুই চাচার মধ্যে আজীবন গভীর আত্মিক টান ছিল। জীবনের শুরুর দিকে তাঁরা দুজন একসঙ্গেই আদমজী জুট মিলে চাকরি করেছেন। মিল বন্ধ হয়ে যাওয়ার পর একসঙ্গেই গ্রামে ফিরে আসেন। শেষ পর্যন্ত মৃত্যুর ক্ষণেও তাঁদের বিচ্ছেদ ঘটেনি।চান্দলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাবুদ্দিন মুরাদ জানান, জীবদ্দশায় দুই ভাইয়ের মধ্যকার ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসা ছিল অনুকরণীয়। একই দিনে মাত্র আধা ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের এমন চিরপ্রস্থান এলাকায় গভীর শোকের ছায়া ফেলেছে।

কুমিল্লায় বড় ভাইয়ের মৃত্যুর আধা ঘণ্টার মধ্যে ছোট ভাইয়েরও প্রয়াণ