অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ কুবি শিক্ষার্থীদের
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশরাত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার দ্রুত বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।রোববার সকাল সাড়ে ১১টার দিকে কোটবাড়ি বিশ্বরোড এলাকায় মহাসড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় তারা অপ্রতিম হত্যার সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং উভয় পাশে যানজট সৃষ্টি হয়।শিক্ষার্থীরা বলেন, একটি শিশুকে হত্যা করার ঘটনায় শুধু আটক নয়, জড়িত সবার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তারা তদন্তে স্বচ্ছতা ও পরিবারের জন্য ন্যায়বিচারের দাবিও জানান।গত শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে কোটবাড়ির গন্ধমতী এলাকার বাসা থেকে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে যাওয়ার কথা বলে মায়ের আইফোন নিয়ে বের হয় অপ্রতিম। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়। অপ্রতিমের সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আবেদন জানান তার মা ড. নাহিদা বেগম।নিখোঁজের পরদিন শনিবার সকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। অপ্রতিম ছিল বাবা-মায়ের একমাত্র সন্তান। তার মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক এবং বাবা কে এম ফিরোজ শাহরিয়ার। পরিবারটি কোটবাড়ি-গন্ধমতী এলাকায় বসবাস করত।এ ঘটনায় পুলিশ সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে তুহিন নামে একজনকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফাহিম আহমেদ ও আনাস নামে আরও দুজনকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।