কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে প্রবাসীদের নিবন্ধন শুরু
কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনের উপনির্বাচনে বিদেশে অবস্থানরত ভোটারদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য নিবন্ধন কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন কিংবা ভোটদানের সম্মতি জানাতে হবে প্রবাসী ভোটারদের।বৃহস্পতিবার নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. আব্দুল মামিন সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।ইসির বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব প্রবাসী ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছিলেন, তাঁদের নতুন করে নিবন্ধন করার প্রয়োজন হবে না। তবে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে ভোট দিতে চাইলে তাঁদের সম্মতি জানাতে হবে।এ জন্য আগে নিবন্ধিত সংশ্লিষ্ট প্রবাসী ভোটারদের কাছে অ্যাপের মাধ্যমে নোটিফিকেশন পাঠানো হবে। আগামী ৬ ডিসেম্বরের মধ্যে সেই নোটিফিকেশনের মাধ্যমে ভোটদানের সম্মতি জানাতে হবে।নির্ধারিত সময়ের মধ্যে সম্মতি পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রবাসী ভোটারের বিদেশের ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠানোর ব্যবস্থা করা হবে।এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যেসব প্রবাসী ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেননি, তাঁদের জন্যও এবার সুযোগ রাখা হয়েছে।তাঁরা ২৬ নভেম্বর থেকে ৬ ডিসেম্বরের মধ্যে অ্যাপে নতুনভাবে নিবন্ধন করে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।নির্বাচন কমিশনের এই উদ্যোগের ফলে সংশ্লিষ্ট আসনের যোগ্য ভোটাররা বিদেশে অবস্থান করেও ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।তবে আগে নিবন্ধিত ভোটারদের ক্ষেত্রে সম্মতি জানানো এবং নতুন ভোটারদের ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে অ্যাপে নিবন্ধন সম্পন্ন করা জরুরি।