ভাই পরিচয়ে প্রবাসীর স্ত্রীর ঘরে মাদককারবারি, অতঃপর...
কিশোরগঞ্জের ভৈরবে ইতালি প্রবাসীর স্ত্রীর বাসা থেকে কথিত প্রেমিক ও মাদক কারবারি হিসেবে অভিযুক্ত এক যুবককে পরকীয়ার অভিযোগে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে শহরের আমলাপাড়া পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। পরবর্তীতে তাঁদের উদ্ধার করতে গিয়ে বিক্ষুব্ধ জনতার হামলায় এক নারী পুলিশ সদস্যসহ পুলিশের দুই কর্মকর্তা আহত হয়েছেন।স্থানীয় সূত্র ও স্বজনদের বরাতে জানা যায়, প্রায় ১৫ বছর আগে পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয় এবং সংসারে দুই কন্যাসন্তান রয়েছে। সন্তান জন্মের কিছুদিন পর পরিবারের আর্থিক সচ্ছলতার আশায় লিবিয়া হয়ে সাগরপথে ইতালি পাড়ি জমান স্বামী। স্বামীর অভিযোগ, তিনি প্রবাসে থাকার সুযোগে তাঁর স্ত্রী দীর্ঘদিন ধরে একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। প্রতিবাদ করলে ভিডিও কলে তালাকের হুমকি ও গালিগালাজ করা হতো।বৃহস্পতিবার রাতে কথিত প্রেমিক মোবারক হোসেন নয়নকে নিয়ে প্রবাসীর স্ত্রী বাসায় ঢুকলে স্থানীয়রা তাঁদের একটি কক্ষে তালাবদ্ধ করে আটকে রাখেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আটক নয়ন কালিকাপ্রসাদ এলাকার চিহ্নিত মাদক কারবারি এবং তাঁর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। পরে রাত ১১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে ভৈরব থানার এসআই শাখাওয়াত হোসেন ও এসআই শক্তিপদ মৃধার নেতৃত্বে পুলিশের দল ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করতে গেলে উত্তেজিত জনতা চড়াও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সময় এক নারী পুলিশ সদস্যসহ দুই কর্মকর্তা আহত হন।ভুক্তভোগী প্রবাসীর বাবার দাবি, তাঁর পুত্রবধূ প্রায়ই অপরিচিত যুবকদের আত্মীয়ের পরিচয় দিয়ে বাসায় নিয়ে আসতেন। বৃহস্পতিবার রাতেও নয়নকে মামাতো ভাই পরিচয় দিয়ে বাসায় আনলে স্থানীয়দের হাতে ধরা পড়েন।তবে পরকীয়া ও অনৈতিক সম্পর্কের অভিযোগ অস্বীকার করেছেন প্রবাসীর স্ত্রী ও নয়ন। স্ত্রীর দাবি, একটি বিয়ের অনুষ্ঠান শেষে নয়ন তাঁকে মোটরসাইকেলে বাসায় নামিয়ে দিতে এলে তিনি কেবল চা পানের অনুরোধ করেছিলেন; তখনই কিছু লোক দরজায় তালা দিয়ে তাঁদের ফাঁসানোর চেষ্টা করে। অভিযুক্ত নয়নও নিজেকে কালিকাপ্রসাদ চকবাজারের ইন্টারনেট ব্যবসায়ী দাবি করে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ নাকচ করেছেন।ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, ৯৯৯-এ খবর পেয়ে অপ্রীতিকর পরিস্থিতি ও গণপিটুনি ঠেকাতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং দুজনকে হেফাজতে নেয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।