সৌদির তায়েফ বিশ্ববিদ্যালয়ে পদোন্নতি পেলেন মসজিদে হারামের ইমাম
পবিত্র মসজিদে হারামের ইমাম ও খতিব শায়খ ড. বান্দার বিন আবদুল আজিজ বালিলাহ সৌদি আরবের তায়েফ বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন। ইসলামি আইনশাস্ত্র বা ফিকহ বিষয়ে দীর্ঘদিনের শিক্ষকতা ও গবেষণার ধারাবাহিকতায় তিনি এই পদে উন্নীত হয়েছেন।মঙ্গলবার (২০ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে তাঁর পদোন্নতির খবর জানিয়েছে দ্য ইসলামিক ইনফরমেশন। মক্কার পবিত্র মসজিদে ইমামতির পাশাপাশি বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন সৌদি আরবের এই বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ। The Islamic Information১৯৭৫ সালে সৌদি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন শায়খ বান্দার বালিলাহ। শৈশবেই পবিত্র কোরআন মুখস্থ করেন তিনি। এরপর ইসলামি শিক্ষায় উচ্চতর পড়াশোনা শুরু করেন।১৯৯৬ সালে মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে শরিয়া বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। একই বিশ্ববিদ্যালয় থেকে ২০০১ সালে ইসলামি আইনশাস্ত্রে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে ২০০৮ সালে মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে ফিকহ বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।শিক্ষাজীবন শেষ করে ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষকতা ও গবেষণায় মনোযোগ দেন শায়খ বালিলাহ। মক্কার বিভিন্ন মসজিদে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।মসজিদে হারামের ইমাম হিসেবে নিয়োগ পাওয়ার আগে মক্কার আশ-শিশাহ এলাকার শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ বিন বায মসজিদে ইমামতির দায়িত্বে ছিলেন তিনি।২০১৩ সালের রমজান মাসে মসজিদে হারামে তারাবির নামাজে ইমামতি করেন শায়খ বালিলাহ। ওই বছরের অক্টোবরে রাজকীয় আদেশে তাঁকে পবিত্র মসজিদে হারামের স্থায়ী ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয়।পরবর্তী সময়ে ২০১৯ সালে মসজিদে হারামে জুমার খুতবা দেওয়ার দায়িত্ব পান তিনি। ২০২১ সালে পবিত্র হজের সময় আরাফাতের ময়দানে মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেওয়ার জন্য তাঁকে নির্বাচিত করা হয়।ধর্মীয় দায়িত্বের পাশাপাশি বিশ্ববিদ্যালয় পর্যায়েও রয়েছে তাঁর দীর্ঘ শিক্ষকতার অভিজ্ঞতা। ২০১০ সালে তায়েফ বিশ্ববিদ্যালয়ের শরিয়া ও বিধিবিধান অনুষদের শরিয়া বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন তিনি।এ ছাড়া মসজিদে হারামের একাডেমিক ইনস্টিটিউটে ফিকহের শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ইসলামি আইনশাস্ত্র বিষয়ে তাঁর একাধিক বই ও গবেষণাপত্র রয়েছে।শিক্ষকতা ও গবেষণার এই ধারাবাহিকতায় এবার তায়েফ বিশ্ববিদ্যালয়ে ফিকহ বিষয়ে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন তিনি।২০২০ সালের অক্টোবরে রাজকীয় আদেশে শায়খ বালিলাহকে সৌদি আরবের জ্যেষ্ঠ আলেম পরিষদের সদস্য করা হয়। দেশটির ধর্মীয় ও শরিয়াহ-সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ দেওয়ার দায়িত্ব পালন করে এই পরিষদ।মসজিদে হারামের ইমামতি, জুমার খুতবা, ইসলামি গবেষণা এবং বিশ্ববিদ্যালয়ে পাঠদানের পাশাপাশি জ্যেষ্ঠ আলেম পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন শায়খ ড. বান্দার বালিলাহ।তাঁর সাম্প্রতিক পদোন্নতিতে শুভেচ্ছা জানিয়েছেন অনুসারী ও শুভানুধ্যায়ীরা। একই সঙ্গে তাঁর জ্ঞান ও কর্মে আরও বরকত এবং ইসলাম ও মুসলমানদের কল্যাণে অবদান রাখার তাওফিক কামনা করেছেন তাঁরা।সূত্র: দ্য ইসলামিক ইনফরমেশন।