ঢাকা    সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সাবেক সিইসি হাবিবুল আউয়ালের জামিন, স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপি নেতার করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বয়স ও স্বাস্থ্যগত বিষয় বিবেচনায় তাকে এ জামিন দেওয়া হয়। তবে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।গত ৯ সেপ্টেম্বর বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ হাবিবুল আউয়ালের জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করেন। সুপ্রিম কোর্টের কার্যতালিকাতেও ওই দিন তার মামলার রুল ‘Absolute’ হওয়ার তথ্য রয়েছে।প্রকাশিত রায়ের তথ্য অনুযায়ী, হাবিবুল আউয়ালের বয়স, শারীরিক অবস্থা ও মামলার পারিপার্শ্বিকতা বিবেচনায় আদালত তাকে জামিনের উপযুক্ত মনে করেছেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সন্তুষ্টি এবং পাসপোর্ট আদালতে জমা রাখার শর্তে জামিন কার্যকর হওয়ার কথা রয়েছে।এর আগে গত ২৮ জুন হাবিবুল আউয়ালের জামিন আবেদনের শুনানি নিয়ে রুল জারি করেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষকে দুই সপ্তাহের মধ্যে ওই রুলের জবাব দিতে বলা হয়েছিল।হাবিবুল আউয়ালের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী ড. শাহদীন মালিক, এস এম শাহজাহান ও সারা হোসেন। তাদের সঙ্গে ছিলেন আইনজীবী মো. তায়্যিব-উল-ইসলাম সৌরভ ও সৈকত ভৌমিক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুল করিম মন্ডল।২০২৫ সালের ২৫ জুন রাজধানীর মগবাজার এলাকা থেকে হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।এর আগে ২০২৫ সালের ২২ জুন দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট তিন নির্বাচন কমিশনের সাবেক প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাহউদ্দিন খান। মামলায় নির্বাচন পরিচালনায় অনিয়ম ও সাংবিধানিক বিধান লঙ্ঘনের অভিযোগ আনা হয়। অভিযোগগুলো বিচারাধীন এবং আদালতে প্রমাণসাপেক্ষ।মামলার আসামিদের মধ্যে সাবেক সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ, কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল ছাড়াও সাবেক নির্বাচন কমিশনার এবং তৎকালীন সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা রয়েছেন।

সাবেক সিইসি হাবিবুল আউয়ালের জামিন, স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন