দুই ছেলের মারামারি দেখে অসুস্থ হয়ে বাবার মৃত্যু
দোকানে বসা ও টাকা নেওয়াকে কেন্দ্র করে দুই ছেলের মারামারি দেখে অসুস্থ হয়ে মারা গেছেন বাবা মহির উদ্দিন (৬০)। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের বল্লভবিষু গুলশান মোড় এলাকায় এ ঘটনা ঘটে।নিহত মহির উদ্দিন ওই এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, তিনি ছোট স্ত্রী ও দুই ছেলে মাইদুল ইসলাম ও রশিদুল ইসলামকে নিয়ে গুলশান মোড় এলাকায় বসবাস করতেন। সেখানে তার একটি মুদি দোকান রয়েছে।পরিবার সূত্রে জানা যায়, ছোট ছেলে রশিদুল নেশাগ্রস্ত হওয়ায় কয়েকদিন ধরে তাকে দোকানে বসতে দিচ্ছিলেন না বাবা ও বড় ভাই মাইদুল। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল।বুধবার দুপুর পৌনে ২টার দিকে রশিদুল দোকানে গিয়ে টাকা নিতে চাইলে বড় ভাই মাইদুল বাধা দেন। এ নিয়ে প্রথমে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা মারামারিতে জড়িয়ে পড়েন।এ সময় উপজেলা সদর থেকে মুদি মালামাল নিয়ে মোটরসাইকেলে করে দোকানের সামনে আসেন মহির উদ্দিন। চোখের সামনে দুই ছেলের মারামারি দেখে তিনি অসুস্থ হয়ে মোটরসাইকেল থেকে পড়ে যান।পরে বড় ছেলে ও স্বজনরা তাকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।নিহতের স্বজনদের দাবি, দুই ছেলের ঝগড়া দেখে মানসিকভাবে ভেঙে পড়ে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। এর আগে মহির উদ্দিন দুইবার হার্ট অ্যাটাক করেছিলেন। চিকিৎসক তাকে হার্টে রিং পরানোর পরামর্শ দিলেও আর্থিক সমস্যার কারণে তা করা সম্ভব হয়নি।কাউনিয়া থানার পরিদর্শক (ওসি) মোহাম্মদ শিহাব উদ্দিন বলেন, দুই ছেলের মারামারি দেখে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।