ঢাকা    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ ২৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে অনড় সিজেপি

ভারতের নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস ও অনিয়মের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ অথবা তাকে বরখাস্তের দাবিতে অনড় রয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি।শুক্রবার (২৪ জুলাই) নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাব অব ইন্ডিয়ায় কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে সিজেপির দ্বিতীয় দফা আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়।সরকারের পক্ষে বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ও কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং অংশ নেন। সিজেপির প্রতিনিধিদলে ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে, মুখপাত্র সৌরভ দাস, আশুতোষ রাঙ্কাসহ অন্য নেতারা।বৈঠক শেষে সিজেপির নেতারা দাবি করেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত জানাতে সরকার শনিবার পর্যন্ত সময় চেয়েছে। তবে সরকারের পক্ষ থেকে এ সময়সীমা নিয়ে তাৎক্ষণিক কোনো বিস্তারিত ঘোষণা দেওয়া হয়নি।বৈঠকের আগে অভিজিৎ দিপকে বলেন, নিট প্রশ্নফাঁসের ঘটনায় ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া আন্দোলনের কোনো গ্রহণযোগ্য সমাধান হবে না। সরকার সমাধান চাইলে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে অথবা দায়িত্ব থেকে সরিয়ে দিতে হবে।সিজেপির দাবি, পরীক্ষার প্রশ্নফাঁস ও ব্যবস্থাপনাগত অনিয়মের রাজনৈতিক ও প্রশাসনিক দায় শিক্ষামন্ত্রী এড়াতে পারেন না। তাই তার বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে।সংগঠনটি জানিয়েছে, সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত যন্তর মন্তরে চলমান শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।এর আগে সরকার শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়া এবং পরীক্ষাসংক্রান্ত অনিয়মে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দুটি শর্ত মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে বলে সিজেপির প্রতিনিধিরা দাবি করেন।সূত্র: আকাশবাণী

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে অনড় সিজেপি