জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ট্রাক ও কাভার্ডভ্যান ভাড়া অস্বাভাবিক বৃদ্ধি
রাজবাড়ীর পাংশায় একটি নির্জন আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুলসংখ্যক অবিস্ফোরিত তাজা ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০-এর ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস দল।শুক্রবার (৯ অক্টোবর) ভোর পৌনে ৬টার দিকে পাংশা উপজেলার বিষ্ণুপুর এলাকায় বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করে এসব ককটেল উদ্ধার করা হয়।ফরিদপুর এসআরবি-১০ ক্যাম্প সূত্রে জানা গেছে, ওই এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য বেচাকেনার উদ্দেশ্যে কিছু দুষ্কৃতকারী অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোরে বিষ্ণুপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্দেহভাজন বিভিন্ন স্থানে তল্লাশি চালানোর একপর্যায়ে একটি আমবাগানের ভেতর পরিত্যক্ত ও মালিকবিহীন অবস্থায় লুকিয়ে রাখা ৪২টি শক্তিশালী তাজা ককটেল উদ্ধার করা হয়।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, বড় ধরনের কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা নাশকতা সৃষ্টির উদ্দেশ্যেই নির্জন আমবাগানে এসব ককটেল মজুত করা হয়েছিল।ফরিদপুর স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার জানান, উদ্ধার হওয়া ককটেলগুলো দিয়ে এলাকায় কোনো বিশৃঙ্খলা বা নাশকতার বড় কোনো পরিকল্পনা ছিল কি না, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে বাহিনী সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রেখে তৎপর রয়েছে।