হেফাজতের বৈঠকে সাত দলের একসঙ্গে চলার সিদ্ধান্ত
হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে কওমি ধারার সাতটি ইসলামী দল ভবিষ্যতে একসঙ্গে পথ চলার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে।বৃহস্পতিবার (১৬ জুলাই) চট্টগ্রামের ফটিকছড়ির জামেয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ বিষয়ে আলোচনা হয়।সভায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিরা অংশ নেন। পাশাপাশি হেফাজতের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।সভা শেষে হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান জানান, সাতটি দল ঐক্যবদ্ধভাবে পথচলার বিষয়ে একমত হয়েছে। কীভাবে এই ঐক্য কার্যকর করা যায়, সে বিষয়ে প্রতিটি দলের কাছে প্রস্তাব চাওয়া হয়েছে।[BANGVIEWS-POST:1954]সংশ্লিষ্ট নেতারা জানান, কওমি ধারার দলগুলোর মধ্যে রাজনৈতিক বিভক্তি দূর করা এবং একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।তবে এখনো নতুন কোনো রাজনৈতিক জোট গঠনের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন কয়েকজন নেতা। তাদের মতে, প্রথমে দলগুলোর মধ্যে সমন্বয় ও ঐক্যের কাঠামো নির্ধারণ করা হবে।
আগস্টের শুরুতে আবারও বৈঠকে বসার পরিকল্পনা রয়েছে। ওই বৈঠকে সম্ভাব্য ঐক্যের রূপরেখা ও পরবর্তী কর্মপন্থা নিয়ে আলোচনা হতে পারে।