ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিশ্বের ৭০ শতাংশ ওয়েবসাইট ঝুঁকিতে, পিএইচপির মারাত্মক কোডিং ত্রুটির নেপথ্যে কী?

বিশ্বের প্রায় ৭০ শতাংশ ওয়েবসাইট তৈরিতে ব্যবহৃত অন্যতম প্রধান সার্ভার-সাইড প্রোগ্রামিং ভাষা ‘পিএইচপি’র (PHP) মূল কোডিংয়ে অত্যন্ত মারাত্মক দুটি নিরাপত্তা ত্রুটি শনাক্ত করা হয়েছে। এ ত্রুটির সুযোগ নিয়ে বৈশ্বিক সাইবার হামলার ঝুঁকি তৈরি হওয়ায় হ্যাকিংয়ের হাত থেকে সুরক্ষায় নেদারল্যান্ডস, ফ্রান্স, ফিনল্যান্ড ও বেলজিয়ামসহ ইউরোপের একাধিক দেশ তাদের সরকারি মন্ত্রণালয় ও জরুরি অনলাইন সেবা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত নিরাপত্তা টুলের সহায়তায় চিহ্নিত এই ত্রুটির নাম দেওয়া হয়েছে ‘পিএইচপি২শেল’ (PHP2Shell)। নিরাপত্তা গবেষকদের মতে, এটি প্রায় এক দশক ধরে পিএইচপির মেমোরি হ্যান্ডলিং ও কোর ইঞ্জিনের ভেতরে গোপনে সক্রিয় ছিল। ত্রুটিটির সুযোগ নিয়ে হ্যাকাররা কোনো ধরনের পাসওয়ার্ড বা লগইন অনুমতি ছাড়াই দূর থেকে ক্ষতিকর কোড চালিয়ে সার্ভারের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারে এবং সাধারণ ব্যবহারকারীদের সংবেদনশীল তথ্য ও পাসওয়ার্ড চুরি করতে সক্ষম। নিরাপত্তা পরিমাপক স্কেলে (CVSS 9.2) এটিকে ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও ধ্বংসাত্মক’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়েছে।বিষয়টি প্রকাশ্যে আসার পর পিএইচপি ডেভেলপমেন্ট টিম দ্রুত নিরাপত্তা প্যাচ ও আপডেট সংস্করণ (PHP 8.2.35, 8.3.36, 8.4.27, 8.5.12 ইত্যাদি) প্রকাশ করেছে এবং বিশ্বজুড়ে সব সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর ও ওয়েবসাইট মালিকদের অনতিবিলম্বে সিস্টেম আপডেট করার নির্দেশ দিয়েছে। ওয়ার্ডপ্রেস (WordPress), জুমলা (Joomla) ও মেজেন্টোর (Magento) মতো জনপ্রিয় কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে পরিচালিত ওয়েবসাইটগুলো সরাসরি এই ঝুঁকির মুখে রয়েছে।পরিস্থিতির ভয়াবহতা আঁচ করে ফ্রান্স, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড ও বেলজিয়াম সরকার সুরক্ষামূলক ব্যবস্থা হিসেবে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সরকারি পোর্টাল সাময়িক অফলাইনে রেখেছে। পাশাপাশি বিশ্বের শীর্ষ তথ্যভাণ্ডার উইকিপিডিয়া ও ইন্টারনেট আর্কাইভ নিজেদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে কয়েক ঘণ্টার জন্য সেবা স্থগিত রাখে। এছাড়া সম্ভাব্য সাইবার বিপর্যয় এড়াতে এশিয়ায় দক্ষিণ কোরিয়া সরকার দেশজুড়ে জরুরি সাইবার সতর্কতা জারি করেছে।সূত্র: আল-জাজিরা

বিশ্বের ৭০ শতাংশ ওয়েবসাইট ঝুঁকিতে, পিএইচপির মারাত্মক কোডিং ত্রুটির নেপথ্যে কী?