কলকাতার চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের দুই ছবির পুরস্কার
ভারতের কলকাতায় অনুষ্ঠিত পঞ্চম ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার জিতেছে বাংলাদেশের দুটি চলচ্চিত্র। পিপলু আর খান পরিচালিত ‘জয়া আর শারমিন’ সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের ‘বিমল রায় গোল্ডেন অ্যাওয়ার্ড’ অর্জন করেছে। আর মকবুল চৌধুরী পরিচালিত প্রামাণ্যচিত্র ‘মামুন: ইন প্রেইজ অব শ্যাডোজ’ পেয়েছে জুরি মেনশন।ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়ার পূর্বাঞ্চল শাখার আয়োজনে কলকাতার নন্দন-৩ প্রেক্ষাগৃহে ৮ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত উৎসবটি অনুষ্ঠিত হয়। রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।‘জয়া আর শারমিন’-এর প্রযোজক আবু শাহেদ ইমন এক বিবৃতিতে পুরস্কারপ্রাপ্তির জন্য আনন্দ প্রকাশ করেন। একই সঙ্গে চলচ্চিত্রটি নিয়ে সমালোচক, নির্মাতা ও দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়ার জন্য কৃতজ্ঞতা জানান তিনি। তার মতে, এই অর্জন ছবির শিল্পী ও কলাকুশলীদের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্রের জন্যও উৎসাহজনক।ছয় দিনের এ উৎসবে মোট ৩৮টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। এর মধ্যে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রতিযোগিতা বিভাগে ছিল ১৯টি ছবি। বাংলাদেশ ছাড়াও ভারত, শ্রীলঙ্কা, ইরান, স্পেন, জার্মানি, কোস্টারিকা, পর্তুগাল, ব্রাজিল, ভেনেজুয়েলা ও উজবেকিস্তানের চলচ্চিত্র উৎসবে অংশ নেয়।পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে দ্বিতীয় সেরা ছবির ‘বিমল রায় সিলভার অ্যাওয়ার্ড’ পেয়েছে ভারতের অসমিয়া ভাষার চলচ্চিত্র ‘রিভার টেলস’। পঙ্কজ বরা পরিচালিত এ ছবির পাশাপাশি শ্রীলঙ্কার ‘প্যানট্রাম’ জুরি মেনশন অর্জন করে।প্রামাণ্যচিত্র বিভাগে রণজিৎ রায় পরিচালিত ‘ডলস ডোন্ট ডাই: পুতুলনামা’ সেরা ছবির ‘হরিসাধন দাশগুপ্ত গোল্ডেন অ্যাওয়ার্ড’ জিতেছে। একই বিভাগে দ্বিতীয় সেরা হয়েছে দীপ ভূঞা পরিচালিত ‘রিভার স্টিল ফ্লোজ’।স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্র বিভাগে ড. ধৃতিশ্রী সরকার পরিচালিত ‘দ্য টেল অব কথা’ পেয়েছে ‘চিদানন্দ দাশগুপ্ত গোল্ডেন অ্যাওয়ার্ড’। দ্বিতীয় সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে স্বীকৃতি পেয়েছে ইরানি নির্মাতা মোহাম্মদ সাজাদ মোতাহারিজাদেহর ‘সাডেনলি রাইজ’।মহামারির সময়কার লকডাউনকে কেন্দ্র করে নির্মিত ‘জয়া আর শারমিন’ ৮৬ মিনিটের মনস্তাত্ত্বিক চলচ্চিত্র। একই বাড়িতে আটকে থাকা দুই নারীর সম্পর্ক, নিঃসঙ্গতা, মানসিক নির্ভরতা এবং শ্রেণিগত দূরত্বকে কেন্দ্র করে ছবির গল্প এগিয়েছে।চলচ্চিত্রটিতে জয়া চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান এবং শারমিন চরিত্রে অভিনয় করেছেন মঞ্চাভিনেত্রী মহসিনা আক্তার। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন গল্প রাজ্য ফিল্মসের আবু শাহেদ ইমন, সি-তে সিনেমার জয়া আহসান এবং অ্যাপলবক্স ফিল্মসের পিপলু আর খান।