ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

৪০০ রানের দুনিয়ায় বাংলাদেশ কোথায়

রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কা দলের ড্রেসিংরুমে হেড কোচ গ্যারি কারস্টেনকে দেখে ১৯৯৬ বিশ্বকাপের স্মৃতি ফিরে আসা স্বাভাবিক। এই মাঠেই আরব আমিরাতের বিপক্ষে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছিলেন প্রোটিয়া এই কিংবদন্তি। একই বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে ৫ উইকেটে ৩৯৮ রান তুলে ওয়ানডে ক্রিকেটে ৪০০ রানের দিগন্ত উন্মোচনের ইঙ্গিত দিয়েছিল শ্রীলঙ্কা। ২০০৬ সালে আনুষ্ঠানিকভাবে চার শ রানের যুগ শুরুর পর, গতকাল রাতে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচে সেই তালিকা আরও সমৃদ্ধ হলো। আন্তর্জাতিক ওয়ানডেতে এখন পর্যন্ত মোট ৩৫ বার চার শ বা তার বেশি রানের দলীয় ইনিংস দেখা গেছে।পরিসংখ্যান অনুযায়ী, ওয়ানডেতে সর্বোচ্চ ৯ বার চার শ বা তদূর্ধ্ব রান করে সবার ওপরে অবস্থান করছে ভারত। এরপরই ৮ বার করে এই মাইলফলক ছুঁয়েছে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা তিনবার করে, নিউজিল্যান্ড দুবার এবং একবার করে এই তালিকায় নাম লিখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। টেস্ট মর্যাদা পাওয়া ১২টি দলের মধ্যে এখন পর্যন্ত ওয়ানডেতে চার শ রান করতে ব্যর্থ হয়েছে কেবল চারটি দেশ—বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান ও আয়ারল্যান্ড। ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ২০২৩ সালে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে করা ৬ উইকেটে ৩৪৯ রান।তবে আন্তর্জাতিক মঞ্চে না হলেও বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে চার শ রানের রেকর্ড রয়েছে। ঘরোয়া লিস্ট ‘এ’ আসর ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) চলতি বছরের জুনে আবাহনীর বিপক্ষে ৪ উইকেটে ৪০৬ রান সংগ্রহ করেছিল মোহামেডান। এর আগে ২০২৪ সালের জুলাইয়ে চট্টগ্রামে একটি প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে ৫ উইকেটে ৪০৩ রান তুলেছিল বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) দল।বর্তমানে ক্রিকেটে চার শ রান করা যেমন বেড়েছে, তেমনি তা তাড়া করে জয়ের নজিরও নিয়মিত হচ্ছে। স্বীকৃত লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে চার শ বা তার বেশি রান তাড়া করে জয়ের ঘটনা ঘটেছে মোট পাঁচটি, যার চারটিই সাম্প্রতিক সময়ে। ওয়ানডেতে সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ডটি এখনও ২০০৬ সালে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার ৪৩৪ রান তাড়া করে জেতা দক্ষিণ আফ্রিকার দখলে। আর রাওয়ালপিন্ডিতে গতকাল ইংল্যান্ডের ৪২৯ রান তাড়া করে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ার নজির গড়ল শ্রীলঙ্কা। এই তালিকায় তৃতীয় স্থানেও রয়েছে শ্রীলঙ্কা, যারা ২০০৯ সালে রাজকোটে ভারতের ৪১৪ রান তাড়া করতে নেমে ৪১১ পর্যন্ত পৌঁছেছিল।ঘরোয়া লিস্ট ‘এ’ ক্রিকেটেও চার শ রান তাড়া করে জয়ের দুটি রোমাঞ্চকর নজির রয়েছে। ভারতের বিজয় হাজারে ট্রফিতে গত বছর ২৪ ডিসেম্বর ঝাড়খন্ডের ৪১২ রান তাড়া করে জয় পায় কর্ণাটক। অন্যদিকে গত জুলাইয়ে আয়ারল্যান্ডের ইন্টার-প্রভিন্সিয়াল লিমিটেড ওভার কাপে নর্দান নাইটসের ৪১৪ রান তাড়া করে জয় নিশ্চিত করে লেনেস্টার লাইটনিং।লিস্ট ‘এ’ ক্রিকেটে দলীয় পাঁচ শ রানের রেকর্ডও ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। দুটো ঘটনাই ঘটেছে ভারতের বিজয় হাজারে ট্রফিতে অরুণাচল প্রদেশের বিপক্ষে—২০২২ সালে তামিলনাড়ুর ২ উইকেটে ৫০৬ রান এবং গত বছর ডিসেম্বরে বিহারের ৬ উইকেটে ৫৭৪ রান। আন্তর্জাতিক ওয়ানডেতে সর্বোচ্চ দলীয় সংগ্রহের বিশ্বরেকর্ড এখনও ইংল্যান্ডের দখলে, ২০২২ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে তারা সংগ্রহ করেছিল ৪ উইকেটে ৪৯৮ রান।

৪০০ রানের দুনিয়ায় বাংলাদেশ কোথায়