ওডেসা ছাড়ার পর বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা
ইউক্রেনের ওডেসা বন্দর থেকে যাত্রা শুরুর পর একটি বাণিজ্যিক জাহাজ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। এতে জাহাজে থাকা পাঁচ ভারতীয় নাবিকের মধ্যে চারজন নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন।হামলার জন্য রাশিয়াকে দায়ী করেছে ইউক্রেন। তবে ভারত এ ঘটনার নিন্দা জানালেও তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে সরাসরি কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, গত ১৯ জুলাই সন্ধ্যায় গিনি-বিসাউয়ের পতাকাবাহী এমভি গোল্ডেন লিও জাহাজটি ওডেসা বন্দর ছাড়ার সময় হামলার মুখে পড়ে। জাহাজটিতে মোট ১৭ জন নাবিক ছিলেন, যাদের মধ্যে পাঁচজন ভারতীয় নাগরিক ছিলেন।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনে থাকা ভারতীয় দূতাবাস ঘটনাটি পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্ত নাবিক ও তাদের পরিবারের পাশে থাকার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে এবং আহত নাবিকের চিকিৎসার বিষয়েও সহায়তা করা হচ্ছে।[BANGVIEWS-POST:2185]ভারত জানিয়েছে, বেসামরিক নাবিকদের জীবন ঝুঁকির মধ্যে ফেলা এবং বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আন্তর্জাতিক নৌ চলাচল ও বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বলেও দেশটি উল্লেখ করেছে।ইউক্রেনের কর্মকর্তাদের দাবি, রাশিয়ার ছোড়া তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র জাহাজটিতে আঘাত হানে। হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায়। ইউক্রেনের নৌবাহিনী জানিয়েছে, জাহাজটিতে ভারতীয় ও সিরীয় নাবিকরা কর্মরত ছিলেন।বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, উদ্ধার অভিযানে ১৭ নাবিকের মধ্যে আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে হামলায় কয়েকজন নাবিক ও একজন মেরিটাইম পাইলটসহ মোট ৯ জন নিহত হওয়ার কথা জানিয়েছে তারা।লন্ডনভিত্তিক জাহাজ তথ্য সংস্থা এলএসইজির তথ্য অনুযায়ী, এমভি গোল্ডেন লিও জাহাজটির মালিক মুম্বাইভিত্তিক ওশান গ্রেস শিপিং লিমিটেড।এদিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ঘিরে সাম্প্রতিক সময়ে উভয় পক্ষের হামলা বেড়েছে। একই দিনে রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় এক শিশুসহ পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অন্যদিকে ইউক্রেনের বিভিন্ন এলাকায় রুশ হামলায়ও হতাহতের ঘটনা ঘটেছে।
সূত্র:
এনডিটিভি