ওটিপি ছাড়া সচিবালয়ে ঢুকতে পারবেন না কোনো দর্শনার্থী
বাংলাদেশ সচিবালয়ে কোনো দর্শনার্থী যথাযথ ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) যাচাই ছাড়া প্রবেশ করতে পারবেন না। সচিবালয়ের নিরাপত্তা জোরদার করতে এ নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব মো. তোফায়েল হোসেন।প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ প্রবেশ পাস বা অনুমতিপত্র ছাড়া দর্শনার্থীদের বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের প্রবণতা সম্প্রতি বৃদ্ধি পেয়েছে বলে লক্ষ্য করা যাচ্ছে।এ ধরনের অনুমোদনবিহীন প্রবেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তাব্যবস্থার জন্য ঝুঁকি সৃষ্টি করতে পারে। পাশাপাশি এর ফলে সরকারি দাপ্তরিক কার্যক্রমের স্বাভাবিক পরিবেশও বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।এ অবস্থায় বাংলাদেশ সচিবালয়ে আসা প্রত্যেক দর্শনার্থীর প্রবেশের আগে যথাযথভাবে ওটিপি যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। ওটিপি যাচাইয়ের পরই দর্শনার্থীকে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।