ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

যুক্তরাষ্ট্রের উপকূলে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, নিখোঁজ ৬

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের নানটাকেট দ্বীপের উপকূলে একটি এয়ার অ্যাম্বুলেন্সের ধ্বংসাবশেষ শনাক্ত করেছে মার্কিন কোস্ট গার্ড। বিমানটিতে থাকা চার ক্রু ও দুই যাত্রীসহ মোট ছয়জন এখনো নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে রাতভর এবং রোববার (৪ অক্টোবর) পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।শনিবার ভোরে বারমুডা থেকে বোস্টনের উদ্দেশে যাত্রা করেছিল গালফস্ট্রিম জেটটি। পরে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) কোস্ট গার্ডকে জানায়। কয়েক ঘণ্টা পর নানটাকেটের উপকূলীয় এলাকায় এর ধ্বংসাবশেষ পাওয়া যায়।কানাডায় নিবন্ধিত বিমানটি বারমুডার এলএফ ওয়েড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছিল। কানাডার পরিবহনমন্ত্রী স্টিভেন ম্যাককিনন জানিয়েছেন, বিমানটির চার ক্রুই কানাডার নাগরিক। কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, দুই যাত্রী বারমুডার নাগরিক।ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্য অনুযায়ী, অন্টারিওভিত্তিক ল্যাটিচিউড এয়ার অ্যাম্বুলেন্সের মালিকানাধীন বিমানটি স্থানীয় সময় রাত ১২টা ৪১ মিনিটে বারমুডা ছাড়ে। যাত্রাপথের বেশির ভাগ সময় এটি প্রায় ২৪ হাজার ফুট উচ্চতায় উড়ছিল।তবে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কিছুক্ষণ আগে মাত্র দুই মিনিটের মধ্যে বিমানটি প্রায় ১৩ হাজার ফুট নিচে নেমে আসে।বিমানটির শেষ মুহূর্তের একটি অডিও রেকর্ডিংও প্রকাশ পেয়েছে। সেখানে এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে পাইলটের কাছে জানতে চাইতে শোনা যায়, তিনি কি ‘দৃষ্টিসীমা ছাড়া’ অবতরণের চেষ্টা করছেন। রেকর্ডিংয়ে পাইলটের জবাব স্পষ্টভাবে শোনা যায়নি।পরবর্তী সময়ে কন্ট্রোলার নিশ্চিত করেন, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ঠিক আগে পাইলট জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন।বারমুডার প্রধানমন্ত্রী ডেভিড বার্ট জানিয়েছেন, নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং মার্কিন কর্তৃপক্ষের সহায়তায় উদ্ধার অভিযান চলছে। তিনি নিখোঁজ সবার নিরাপদ প্রত্যাবর্তনের আশা প্রকাশ করেছেন।তবে জরুরি চিকিৎসা পরিবহনসেবা দেওয়া কানাডার অন্টারিওভিত্তিক ল্যাটিচিউড এয়ার অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ দুর্ঘটনার বিষয়ে এখনো কোনো বক্তব্য দেয়নি।সূত্র : এপি

যুক্তরাষ্ট্রের উপকূলে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, নিখোঁজ ৬