রমজানের পরই এসএসসি পরীক্ষা, আর পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী
রমজান মাসের কারণে ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা বছরের শুরুতে আয়োজন করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। শিক্ষার্থীদের প্রস্তুতি ও আগের পাঠ পুনরালোচনার জন্য পর্যাপ্ত সময় দিতে রমজান ও ঈদুল ফিতরের পর পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।সোমবার (৩১ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সভাকক্ষে সাম্প্রতিক চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষার সময় নির্ধারণে শিক্ষার্থীদের প্রস্তুতি, শিক্ষাবর্ষ, রমজান এবং পরবর্তী উচ্চশিক্ষার ভর্তি কার্যক্রমসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে।তিনি বলেন, জানুয়ারিতে পরীক্ষা শুরু করলে তা ফেব্রুয়ারির শুরু পর্যন্ত চলতে পারে। এরপরই রমজান শুরু হওয়ার সম্ভাবনা থাকায় পুরো পরীক্ষা নির্বিঘ্নে শেষ করা কঠিন হবে। এ কারণে পরীক্ষার সময় নিয়ে নতুন করে পর্যালোচনা করা হয়েছে।[BANGVIEWS-POST:4850]ড. মিলন বলেন, সরকার এসএসসি ও অন্যান্য পাবলিক পরীক্ষা প্রতিবছর একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়ে আসতে চায়। এতে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে ভর্তি, উচ্চশিক্ষার প্রস্তুতি এবং বিদেশে পড়তে যাওয়ার ক্ষেত্রেও সময়সূচি সমন্বয় করা সহজ হবে।তার মতে, বাংলাদেশের শিক্ষাব্যবস্থার জন্য ফেব্রুয়ারির দিকে এসএসসি পরীক্ষা আয়োজন সুবিধাজনক হতে পারে। তবে ২০২৭ সালে রমজানের কারণে ওই সময়ে পরীক্ষা নেওয়া যাচ্ছে না।শিক্ষামন্ত্রী জানান, আগে রমজানের আগেই পরীক্ষা শেষ করার বিষয়টিও বিবেচনায় ছিল। তবে শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামত পর্যালোচনার পর দেখা যায়, পরীক্ষা বেশি এগিয়ে আনলে শিক্ষার্থীরা পাঠ পুনরালোচনা ও প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাবে না।তিনি বলেন, শিক্ষার্থীদের স্বার্থ ক্ষুণ্ন করে কোনো সিদ্ধান্ত নিতে চায় না সরকার। প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সময় নিশ্চিত করতেই রমজান ও ঈদের পর এসএসসি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।[BANGVIEWS-POST:4849]রমজানের আগে পরীক্ষা আয়োজনের দাবির বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, এ ধরনের প্রস্তাব পাওয়া গেলেও বাস্তব পরিস্থিতি এবং শিক্ষার্থীদের প্রস্তুতির বিষয় বিবেচনায় তা সম্ভব হচ্ছে না।পরীক্ষা আরও পিছিয়ে যাওয়ার আশঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে এমন কোনো কারণ দেখা যাচ্ছে না, যার জন্য ঘোষিত সময়সূচি পরিবর্তন করতে হবে। জাতীয় পর্যায়ে বিশেষ কোনো পরিস্থিতি তৈরি না হলে নির্ধারিত সময়েই পরীক্ষা অনুষ্ঠিত হবে।শিক্ষামন্ত্রী আরও জানান, পরীক্ষার্থীদের আগেই সময়সূচি সম্পর্কে জানানো হয়েছে, ফলে তারা পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি নেওয়ার সুযোগ পাচ্ছে।ঢাকা শিক্ষা বোর্ডের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা ১৪ মার্চ শুরু হওয়ার কথা রয়েছে। লিখিত পরীক্ষা শেষ হবে ১৫ এপ্রিল।সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।