ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামবে, এসপি জাহাঙ্গীরের ফোনে চাঞ্চল্যকর তথ্য!

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তারের নেপথ্যের কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী। তিনি জানিয়েছেন, এসপি জাহাঙ্গীর আলমের মুঠোফোনের ফরেনসিক পরীক্ষায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আগামী ডিসেম্বরের মধ্যে পুনর্বাসিত করার পরিকল্পনার বার্তা পাওয়া গেছে। ওই বার্তায় ‘জান বাজি রেখে মাঠে নামার’ কথাও উল্লেখ ছিল।আজ রোববার (১৫ নভেম্বর ২০২৬) বেলা ১১টার দিকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী। নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং এসব রাষ্ট্রবিরোধী বার্তার সূত্র ধরেই এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে বলে জানান তিনি।ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘দুটি বড় বার্তা আমরা পেয়েছি, যা মামলার এজাহারেও উল্লেখ করা হয়েছে। একটি হলো, ডিসেম্বরের মধ্যে আগের সরকারকে পুনর্বাসিত করা হবে এবং অন্যটি হলো, ডিসেম্বরে জান বাজি রেখে সবাই মাঠে নামবে।’তিনি আরও জানান, এসপি জাহাঙ্গীরের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক অনুসন্ধানের পর পুলিশ সদরদপ্তরে প্রতিবেদন পাঠানো হয়েছে এবং তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এখন প্রচলিত আইন অনুযায়ী বিভাগীয় প্রক্রিয়া অনুসরণ করা হবে। ইতিমধ্যে তাঁকে সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলা করার বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।এ ঘটনায় পুলিশের অন্য কোনো কর্মকর্তা জড়িত আছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিআইজি বলেন, বিষয়টি বিস্তারিত তদন্তে বেরিয়ে আসবে। নিয়মিত মামলার তদন্ত ও বিভাগীয় তদন্ত—এই দুই প্রক্রিয়াতেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দুই থেকে তিন দিনের প্রাথমিক অনুসন্ধানে যতটুকু সত্যতা পাওয়া গেছে, তার ভিত্তিতেই এই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।কীভাবে এসব বার্তার তথ্য উদ্‌ঘাটিত হলো, সে বিষয়ে আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য পাওয়ার পর গত মঙ্গলবার (১০ নভেম্বর) এসপি জাহাঙ্গীর আলমকে নিজের কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেদিনই তাঁর ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মুঠোফোন জব্দ করে তদন্ত কমিটি গঠন করা হয় এবং ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকার পুলিশ সদরদপ্তরের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়। ফরেনসিক পরীক্ষায় সংশ্লিষ্ট তথ্যের সত্যতা মেলার পরই অনুসন্ধান প্রতিবেদন তৈরি ও মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হয়। এ ঘটনায় বিভাগীয় তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলামকে।পুলিশ সূত্র জানায়, গতকাল শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে নগরের পাঁচলাইশ থানায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাটি দায়ের করেন। এর পরপরই দিবাগত রাতে নগরের হালিশহর এলাকার জেলা পুলিশ লাইন্স অফিসার্স মেস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি পাঁচলাইশ থানা-পুলিশের হেফাজতে রয়েছেন।পুলিশের অভিযোগ অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা নিয়েও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন এসপি জাহাঙ্গীর। এ ছাড়া আওয়ামী লীগ নেতাদের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য পাচারের সুনির্দিষ্ট অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।উল্লেখ্য, গ্রেপ্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তিনি ২০১০ সালের ১ ডিসেম্বর বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন। এর আগে ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছিল এবং বর্তমানে তিনি ওই মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামবে, এসপি জাহাঙ্গীরের ফোনে চাঞ্চল্যকর তথ্য!